বিদ্যুতের দাম বাড়ানোর পদক্ষেপ বন্ধের দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর পদক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। অন্যথায় তাঁরা সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সিপিবির নেতারা এসব কথা বলেন। বিশ্বব্যাংক-আইএমএফের পরামর্শে নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর পদক্ষেপ বন্ধ এবং কুইক রেন্টালের নামে লুটেরাদের শাস্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে নেতারা বলেন, গত সাড়ে তিন বছরে কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সরকারের যত উৎসাহ ছিল, সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ ও নবায়নে সেই উৎসাহ ছিল না। কিন্তু সেটি করলে কম টাকা খরচ করে বেশি উৎপাদন করা যেত। জনগণকে ভর্তুকির বোঝা টানতে হতো না। কিন্তু সেসব না করে লুটেরাদের পকেট ভারী করতে কুইক রেন্টালে গেছে সরকার। দায়মুক্তি বিল পাস করে এদের রেহাই দেওয়া হয়েছে। সরকার এদের শাস্তি দিতে ব্যর্থ হলেও জনগণের আদালতে এদের বিচার হবেই।সিপিবির কেন্দ্রীয় নেতা আশরাফ হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, সাজেদুল হক প্রমুখ। সভা পরিচালনা করেন খান আসাদুজ্জামান। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।