বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ ও সমাবেশ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বজলুর রশিদ। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য শুভাংশু চক্রবর্তী, জাহেদুল হক, রাজেকুজ্জামান রতন প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, আবারও বিদ্যুতের দাম বাড়ানোয় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। কৃষকের সেচ খরচ বাড়বে। কারখানায় উৎপাদিত ভোগ্যপণ্যের উৎপাদন খরচ বাড়বে। এসবের প্রভাব পড়বে বাজারে। ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাঁরা বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।অন্যদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান এক বিবৃতিতে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, বর্তমান সরকারের আমলে পাঁচবার বিদ্যুতের দাম বাড়ানো হলো। এ কারণে জনগণকে আরেক দফায় ভোগান্তিতে পড়তে হবে। আর দাম বাড়লেও লোডশেডিং কমছে না, বরং বাড়ছে।বিবৃতিতে আরও বলা হয়, কৃষকের কাছে বিদ্যুৎ পৌঁছানোর কথা বলা হলেও সেখানেও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে বৃহত্তর রংপুরে বিদ্যুৎ না থাকার কারণে কৃষি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া কুইক রেন্টালের সিদ্ধান্তেরও নিন্দা জানানো হয় বিবৃতিতে।গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গতকাল এক কর্মিসভায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানায়। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন আবদুস সালাম, ফিরোজ আহমেদ, আবুল হাসান, আবু বকর, আরিফুল ইসলাম প্রমুখ। কর্মিসভায় বক্তারা বলেন, কুইক রেন্টালের নামে প্রায় অকেজো এবং বহুদিনের পুরোনো যন্ত্রপাতি আমদানি করে সেখান থেকে তিন গুণ-চার গুণ দামে বিদ্যুৎ কেনা হচ্ছে। অথচ, সরকারি প্রতিষ্ঠান পিডিবির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বাড়ানো হচ্ছে না।