বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারসহ অন্যান্য দাবি না মানলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঢাকাসহ সারা দেশে কমিটির বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। গতকাল সোমবার বিকেলে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তাঁরা এ ঘোষণা দেন। রোববার কমিটির উদ্যোগে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে হামলাকারী পুলিশ সমস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, বর্তমান সরকারের আমলে ছয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে। বিদ্যুতের এই বর্ধিত মূল্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত সারা দেশে জেলা-উপজেলায় ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে এবং রেন্টাল, কুইক-রেন্টাল বন্ধ ও বাতিল না করলে হরতাল, অবরোধ, অবস্থানের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন বলেন, ‘জনগণের অধিকার নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা হঠকারী বা অন্যায্য দাবি করছি না। রাষ্ট্রীয় লাঠিয়াল বাহিনী জনগণের আন্দোলন দমাতে পারবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’ সমাবেশে বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির রাগীব আহসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, সাম্যবাদী দলের মোশাহিদা আহম্মেদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির আবদুস সাত্তার, গণসংহতি আন্দোলনের আবদুস সালাম প্রমুখ।রোববার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় কমিটির জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পণ্ড করে দেয় পুলিশ। লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের প্রতিরোধ করা হয়। ঘটনায় ৫০ জনের বেশি কর্মী আহত হয়েছেন বলে কমিটির নেতাদের দাবি।