অতীতের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ ১২ দফা সুপারিশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি বলেছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধি যৌক্তিক ও সামঞ্জস্যপূর্ণ না হলে পরিস্থিতি আরও জটিল হবে।গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন ক্যাব প্রতিনিধি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শামসুল আলম। উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে সংকট মোকাবিলায় অতিরিক্ত ব্যয় ভর্তুকির মাধ্যমে পূরণ, বিদ্যুৎ উৎপাদনে সরকারি খাতের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য ভোক্তাদের অর্থে ‘বিদ্যুৎ উন্নয়ন তহবিল’ গঠন করা ও তাতে সমপরিমাণ অর্থ সরকারি অনুদান থাকা, সরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা পুরণ না হওয়া পর্যন্ত ব্যক্তিখাতের বিদ্যুৎ উৎপাদনে আর কোনো গ্যাস না দেওয়া।শামসুল আলম বলেন, ‘স্বচ্ছতা, দক্ষতা ও সক্ষমতার অভাবেই এই খাতে প্রকৃত ব্যয়ের চেয়ে বেশি ব্যয় হচ্ছে। আর এটা ভোক্তাদের বহন করতে হয়।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যাব সভাপতি কাজী ফারুক ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া।