বিদ্যুৎ ও তেলের দাম বাড়ালে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ালে হরতালসহ কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বাম মোর্চার নেতারা এ ঘোষণা দেন। তাঁরা গত ৩০ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার বিচার দাবি করেন। আন্দোলনে জনগণের সংশ্লিষ্টতা বাড়াতে ৪ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী প্রতিটি জেলায় গণসংযোগ এবং ঢাকার বিভিন্ন থানায় প্রচার পদযাত্রা কর্মসূচি পালন করবে বিভিন্ন বামপন্থী সংগঠনের এই মোর্চাটি। সমাবেশে বাম মোর্চার নেতারা বলেন, রাষ্ট্রীয় বৃহৎ বিদ্যুৎকেন্দ্রগুলো নবায়ন ও মেরামত না করে কুইক রেন্টাল ও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্তের ফলে বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। ইতিমধ্যে ছয়বার দাম বাড়িয়ে আবারও বাড়ানোর তৎপরতা চালাচ্ছে। একইভাবে আইএমএফের নির্দেশে বারবার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে; যার ফলে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয়সহ জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে উৎপাদন খাতের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।