বিদ্যুৎ-জ্বালানি খাতে আরও বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে আরও বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া সরকার। একই সঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আন্তরিক। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার গ্রেগরি এ উইলকক গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেছেন। হাইকমিশনার তাঁর মেয়াদে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্পর্ক উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতে আইনমন্ত্রী বিচার বিভাগের সংস্কারে গ্রহণ করা সরকারের কার্যক্রম, মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ এবং গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ২০১২ সম্পর্কে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়ে দখলদার বাহিনীর সহযোগী হয়ে যারা গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধ করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে। ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিচারকেরা স্বাধীনভাবে কাজ করছেন। অভিযুক্ত এক জামায়াত নেতা আমেরিকার প্রতিষ্ঠান ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছেন। বিষয়টি অর্থপাচারের শামিল বলে মন্তব্য করেন তিনি।শফিক আহমেদ জানান, দক্ষ ও অভিজ্ঞ লোককে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয়েছে। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচক কমিটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সর্বাধিক যোগ্যতাসম্পন্ন তিনজনকে নিয়ে একটি প্যানেল তৈরি করে তা বোর্ডের কাছে জমা দেবেন। বোর্ড যেকোনো একজনকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেবে।