বিদ্যুৎ বিলখেলাপির তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়!
বিদ্যুৎ বিলখেলাপির তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামও রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পাওনা রয়েছে ২৬ কোটি ১৯ লাখ টাকা।
সেই টাকা আদায়ের জন্য ডিপিডিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত তারিখের মধ্যে পাওনা পরিশোধ করা না হলে পাওনা আদায়ে আইন প্রয়োগে দ্বিধা করা হবে না।
ডিপিডিসির সচিব ও বিশেষ টাস্কফোর্সের প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরীর পাঠানো নোটিশে বলা হয়, বারবার নোটিশ ও মৌখিক তাগিদ দেওয়া হয়। ডিপিডিসির প্রতিনিধিও পাঠানো হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র ৪ কোটি ২৭ লাখ টাকা পরিশোধ করেছে, যা সামগ্রিক পাওনার তুলনায় অতি নগণ্য। বিল পরিশোধে জটিলতা নিরসনে ডিপিডিসি কর্মকর্তাদের পাঠানো হলেও আশানুরূপ সাড়া মেলেনি। বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাজেট ঘাটতির কথা বলেছে, যা মোটেও কাম্য নয়। এ বিপুল অঙ্কের পাওনা অনাদায়ি থাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিপিডিসি রাজস্ব ক্ষতির শিকার হচ্ছে। জানতে চাইলে মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, খেলাপি তো খেলাপি। সরকারি-বেসরকারি, ভালো-মন্দ দেখা হচ্ছে না। যে বিদ্যুৎ ব্যবহার করেছে, সুবিধা নিয়েছে, তাকে পাওনা পরিশোধ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, টাকার অঙ্ক এত বেশি হবে না। এটা সর্বোচ্চ ছয় থেকে সাত কোটি টাকা হবে। এ খাতে প্রতিবছর ১২ কোটি টাকা বরাদ্দ থাকে। সময়মতো বাকি টাকা দেওয়া হবে।