বিদ্যুৎ ব্যবহারে নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, মানসম্মত বিদ্যুৎ ব্যবস্থাপনার লক্ষ্যে বৈদ্যুতিক ব্যবস্থাসংবলিত ন্যাশনাল বিল্ডিং কোড ও বৈদ্যুতিক আইন-বিধিমালা সংস্কার জরুরি হয়ে পড়েছে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘বিদ্যুৎ সাশ্রয়ে পাওয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ও বিল্ডিং কোড’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান বলেন, ‘জনগণ সচেতন হলে বিদ্যুতের অপচয় রোধ করা সম্ভব। বিদ্যুৎ ও পানির অপচয় করা যেন আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক পর্যায়ে এ অভ্যাস বদলাতে হবে।’ বিশেষ অতিথির বক্তৃতায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে এ দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই উদ্যোগ দেশের অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৌশলীদের এই চিন্তাকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে। সব পেশার মানুষকে এক হয়ে পরিবেশের বিপর্যয় মোকাবিলা করতে হবে। বিজিএমইএর সভাপতি মো. সফিউল ইসলাম বলেন, ‘প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দেশের সেবা করছি। পোশাক খাতে বিদ্যুতের অপচয় রোধে প্রয়োজনীয় পদক্ষেপ প্রসঙ্গে প্রকৌশলীদের সহায়তা প্রয়োজন। বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে।’ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাফর আহমেদ বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করা হলেও বেশির ভাগ ক্ষেত্রে ভবনের বিদ্যুৎ ব্যবস্থাপনায় নজর দেওয়া হয় না। কম দামি বৈদ্যুতিক-সামগ্রী আর অদক্ষ কর্মীরা বিদ্যুৎ-সংযোগের কাজ করেন। এ ক্ষেত্রে দক্ষ জনবলের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাপনায় নির্দেশনা থাকা জরুরি। সেমিনারের মূল প্রবন্ধে আইডিইবির সদস্য নাদিরুজ্জামান মাহমুদ বলেন, ‘বিদ্যুৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে ছোটখাটো অনেক বিষয়ে আমরা নজর দিই না। বৈদ্যুতিক-সামগ্রী ব্যবস্থাপনা, এমনকি বৈদ্যুতিক বাতি, পাখা ইত্যাদি স্থাপনের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা নেই। বিদ্যুতের অপচয় বাড়ার সঙ্গে বৈদ্যুতিক-সামগ্রীও থাকছে ঝুঁকির মুখে। এই চাপ পড়ছে জাতীয় অর্থনীতির ওপর। বৈদ্যুতিক সরবরাহ-ব্যবস্থাসংবলিত বিল্ডিং কোড যেমন প্রয়োজন, তেমনি ১৯১০ সালের বৈদ্যুতিক আইন ও ১৯৩৬ সালের বৈদ্যুতিক বিধিমালার সংস্কার জরুরি।’ আইডিইবি আয়োজিত এ সেমিনারে সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান স্বাগত বক্তব্য দেন। সেমিনার শেষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।