বিদ্যুৎ মন্ত্রণালয়ের বৈঠক বর্জন করছে আইএসপিএবি
জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের কোনো বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত বা নির্দেশ মেনে নেবে বলে জানিয়েছে আইএসপিদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। গতকাল শনিবার রাজধানীর উত্তরায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিয়ে সংগঠনের এসব সিদ্ধান্ত জানান আইএসপিএবির সদস্য এমদাদুল হক। সংগঠনটি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বৈঠকও বর্জন করেছে।বৈঠকে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর রহমান বলেছেন, গত শুক্রবার ‘ভুলক্রমে’ কাটা পড়া তার নতুন করে স্থাপনে লোকবল দিয়ে সাহায্য করে ডেসকো। তিনি এ ধরনের ভুলের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।এমদাদুল হক সংগঠনের পক্ষে বৈঠকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে ইতিমধ্যে কেটে ফেলা তার সরানোর কথা ছিল। নতুন তার কাটার কথা ছিল না। কিন্তু তার কাটা হয়েছে আমাদের না জানিয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তার কাটার সময়ও একই ঘটনা ঘটেছিল। বারবার এ ধরনের ভুল মেনে নিয়ে বিশাল কর্মযজ্ঞ করে প্রতিবার নতুন করে সংযোগ স্থাপন আমাদের পক্ষে সম্ভব নয়। আর মন্ত্রণালয়ের পরবর্তী কোনো বৈঠকে অংশ নেব না।’ প্রসঙ্গত, কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসক বা প্রতিনিধি বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত শেষ ১০ বৈঠক বর্জন করেছে।ঢাকার এক-তৃতীয়াংশ এলাকায় ইন্টারনেট-ডিশ সংযোগ বিচ্ছিন্ন ঝুলন্ত তার অপসারণ করার ফলে গত শুক্রবার কারওয়ান বাজারের স্টার কাবাব থেকে উত্তরার মাস্কট প্লাজা পর্যন্ত এলাকার ইন্টারনেট ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল শনিবার পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন ছিল। কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি পারভেজ আনোয়ার প্রথম আলোকে জানান, উত্তরা, খিলক্ষেত, নিকুঞ্জ, রামপুরা ও বনশ্রীর দুই-তৃতীয়াংশ, বারিধারা, বাড্ডা ও বনানীর অর্ধেক, কালাচাঁদপুর, মালীবাগ, মগবাজার, ধানমন্ডি, সোবহানবাগ, কলাবাগানসহ রাজধানীর অধিকাংশ এলাকায় ডিশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি বলেন, ‘সরকার ভূগর্ভস্থ লাইনে নামতে বলেছে, আমরাও নামতে চাই। কিন্তু অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান ফাইবার এট হোম আমাদের কোনো ধরনের প্রযুক্তিগত সমাধান দিতে পারেনি। কারণ, তারা ইন্টারনেট সেবা, ডাটা বা ভয়েস নিয়ে বেশি কাজ করেছে, কিন্তু আমাদের সেবা ব্রডকাস্ট নিয়ে কাজ করেনি।’ তিনি জানান, ফাইবার এট হোমের একটি টেস্ট লিংক দিয়ে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার করা হয়েছিল। কিন্তু সম্প্রচারিত ছবির গুণগতমান ছিল খুব খারাপ। এখনো প্রযুক্তিগত সমাধানের উন্নতি হয়নি বলে তিনি জানান। পারভেজের দাবি, ডিশ সংযোগকারী তার মাটির নিচে নিয়ে যেতে হলে খুবই উন্নতমানের ‘সিঙ্গেল কোর’ দিতে হবে।