বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রামীণফোনের প্রকৌশলীর মৃত্যু
রাজধানীর নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের একজন প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোশারফ হোসেন (৩২)। তিনি গ্রামীণফোনের লালবাগ উপকেন্দ্রে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে মোশারফ নবাবগঞ্জে একটি টাওয়ারে কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ চন্দ্র প্রথম আলোকে বলেন, প্রকৌশলী মোশারফ গ্রামীণফোনের নেটওয়ার্ক সিস্টেম প্রকৌশলী ছিলেন। তিনি নবাবগঞ্জের একটি টাওয়ারের সুইচরুমে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।মোশারফের শ্বশুর আবু তাহের জানান, মোশারফ ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করেন। পরে তিনি গ্রামীণফোনে চাকরি নেন। দুই বছর আগে তিনি বিয়ে করেন। মোশারফের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার নূরপুর গ্রামে।