বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই তরুণের নাম মোবারক হোসেন (২১)। তিনি আলুবাজার এলাকার একটি স্যানিটারি দোকানের কর্মী ছিলেন। তাঁর বাবার নাম শাহ আলম। বাড়ি ঢাকার দোহারে। মোবারক বংশালের একটি মেসে থাকতেন।

মোবারকের সহকর্মী মো. রাজীব বলেন, সকালে নাশতা করার জন্য মেস থেকে বের হন মোবারক। আলুবাজার পুকুরপাড় এলাকায় পানি জমে থাকার কারণে রাস্তা পার হওয়ার সময় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে হাত দেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মোবারক হোসেনের লাশ মর্গে রয়েছে।