বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
রাজধানীর ডেমরার সারুলি বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। ক্রেন দিয়ে ট্রাকে মালামাল তোলার সময় সেটির একটি অংশ উচ্চপ্রবাহের একটি বৈদ্যুতিক তারের স্পর্শে এসে পড়লে পুরো ক্রেন বিদ্যুতায়িত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাসুদ চৌধুরী (৩৫) ও সবুজ মিয়া (২৫)। এঁদের মধ্যে মাসুদ ক্রেনের চালক ও সবুজ শ্রমিক। আহত ব্যক্তিরা হলেন ক্রেনের মালিক বাদশা মিয়া এবং অপর একজন শ্রমিক। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
পুলিশ জানায়, বাদশা মিয়া মালামাল ওঠানো-নামানোর জন্য ক্রেন ভাড়া দেন। তাঁর সঙ্গে ক্রেনচালক মাসুদসহ অন্যরা কাজ করতেন। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বাদশার দোকানের সামনেই একটি ট্রাকে ভারী যন্ত্র তোলা হচ্ছিল। এ সময় চালক ক্রেনের শুঁড়টি ওপরের দিকে তুললে সেটি বিদ্যুতের একটি তারের সংস্পর্শে এসে পড়ে। এতে ক্রেনের ভেতরে থাকা মাসুদ ও সবুজ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের বাঁচাতে গিয়ে অপর দুজন আহত হন।