সংবিধানে ‘বিধবা’ নারী বলে আলাদা কিছু বলা নেই। সব নারীর জন্য একই সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তবে সমাজ সেই নারীকে প্রতিনিয়ত মনে করিয়ে দিতে থাকে, তিনি একজন বিধবা। তাঁর হাসিও বাঁকা চোখে দেখে সমাজ। এ ছাড়া তাঁর অনেক কার্যক্রমের ওপরও আরোপ করা হয় নানা নিষেধাজ্ঞা।গতকাল বুধবার জাতিসংঘ ঘোষিত প্রথম আন্তর্জাতিক বিধবা দিবস পালন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ২৩ জুনকে আন্তর্জাতিক বিধবা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এ সভার আয়োজন করে। সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বিধবা হলে দরিদ্র নারীরা আরও দরিদ্র হয়ে পড়েন। তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে হয়। বেশির ভাগ ক্ষেত্রে অন্যের সহায়তায় জীবন কাটাতে হয়। নারীদের শিক্ষিত করে গড়ে তোলা, বিধবা হওয়ার পর আয়বর্ধনমূলক কাজের জন্য প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দেওয়া এবং তাঁদের জন্য সমিতি গড়ে তোলার বিষয়টিতেও গুরুত্ব দেন বক্তারা।সভায় আয়োজক সংস্থার মহাসচিব আইনজীবী সিগমা হুদা বলেন, বিধবাদের সামাজিক অবস্থান পরিবর্তনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। হিন্দু বিধবারা আবার বিয়ে করতে পারবেন বলে আইন হলেও সামাজিক বাস্তবতার কারণে আইনটির প্রয়োগ নেই। বিধবা হওয়ার কারণে উত্তরাধিকার আইনেও বৈষম্যের শিকার হতে হচ্ছে। ফলে সচেতনতা তৈরিসহ বিধবাদের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হবে।আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী নাজমুল হুদা বলেন, ‘বিষয়টি নিয়ে আন্তর্জাতিক দিবস পালনের কোনো যুক্তি নেই। বিধবা বলে কোনো শ্রেণীভেদ থাকাই উচিত নয়।’সভায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাঁধুনি কমলার জীবনী নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।আয়োজক সংস্থার ভাইস চেয়ারম্যান শিরিন শেখ মইনুদ্দিনও তাঁর বৈধব্যের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, স্বামী মারা যাওয়া মানেই স্ত্রীকে রঙিন কাপড় ছেড়ে সাদা কাপড় পরতে হবে। ওই নারী সাজগোজ করলেন কি না, কোথায় যাচ্ছেন, নাকফুল কেন খোলেননি ইত্যাদি নিয়ে সমাজের কাছে জবাবদিহি করতে হয়। স্বামী মারা যাওয়া মানে শরীর থেকে ডান হাত কেটে ফেলার মতো অবস্থা হয় নারীর।১৪ বছর আগে স্বামীকে হারানো লায়লা সাজিদ বলেন, ‘স্বামীর দাফন শেষ করে আসার পরই পাশের বাড়ির একজন বললেন, “ছেলে-সংসার নিয়ে চিন্তা না করে ঘরে বসে আল্লাহ আল্লাহ করো।” স্বামী মারা গেছে আমার, আর অন্যরা এসে উপদেশ দেওয়া শুরু করলেন। মনের জোরে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পেরেছি। বহু সংগ্রাম করে ছেলেদের সমাজে প্রতিষ্ঠিত করেছি।’তিনি বলেন, ‘প্রামাণ্যচিত্রে প্রদর্শিত নিম্ন ও স্বল্পশিক্ষিত কমলা ও আমার মধ্যে তেমন কোনো তফাৎ নেই। বিধবা নারীর হাসিও সমাজ বাঁকা চোখে দেখে। বেঁচে থাকলেও সমাজ প্রতিনিয়ত মৃত্যুর কথা মনে করিয়ে দেয়।’রোটারি ক্লাবের সদস্য নাজনীন সিদ্দিকীও তাঁর জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিধবাদের জন্য কিছু একটা করার তাগিদ দেন সবাইকে।আয়োজক সংস্থার কোষাধ্যক্ষ আবদুল মতিন বলেন, ‘স্বামীর মৃত্যুর জন্য স্ত্রীকে দায়ী করাসহ বিভিন্ন কুসংস্কার বিধবা নারীকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বাধা দেয়। নারীর অর্থের অভাব না থাকলেও তিনি যে একজন বিধবা, সমাজ তা প্রতিনিয়ত মনে করিয়ে দেয়।’