বিধি ভেঙে ৪৮ জনকে পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮ জন কর্মচারীকে উপসহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে গণপূর্ত অধিদপ্তরে। বিষয়টি নিয়ে গণপূর্তের ডিপ্লোমা প্রকৌশলী ও কর্মচারী সমিতির দ্বন্দ্ব এখন চরমে।ডিপ্লোমা প্রকৌশলী সমিতির অভিযোগ, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকার পরও ওই কর্মচারীদের উপসহকারী প্রকৌশলী করায় প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা তৈরি হবে। তাদের অভিযোগ, তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টির উদ্দেশ্যেই অর্থের বিনিময়ে এই পদোন্নতি দেওয়া হয়েছে। অন্যদিকে কর্মচারী সমিতি বলছে, অযথাই বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর) নিয়োগ বিধিমালা অনুযায়ী, ৯০ ভাগ পদ সরাসরি এবং ১০ ভাগ পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। তবে ড্রাফটসম্যান পদ থেকে উপসহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পেতে হলে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ ড্রাফটিংয়ের সনদ এবং গণপূর্ত অধিদপ্তরে ১৪ বছরের বেশি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।অনুসন্ধানে জানা গেছে, গত ৪ জুলাই যে ৪৭ জন ড্রাফটসম্যান ও একজন ওয়ার্ক অ্যাসিসটেন্টকে এবার চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের কারোরই এসএসসি (ভোকেশনাল) সনদ নেই। এ ছাড়া ওয়ার্ক অ্যাসিসটেন্ট থেকে পদোন্নতির ক্ষেত্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের এইচএসসি (ভোকেশনাল) ডিগ্রি নেই।গণপূর্তের প্রকৌশলীরা বলছেন, নিয়োগ বিধিমালায় পরিষ্কার করে বলা আছে, পদোন্নতির জন্য যোগ্য লোক না থাকলে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদে লোক নেওয়া যাবে। কিন্তু সেটি না করে বিধি ভেঙে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ২০০৯ সালের চলতি দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্ব সম্পর্কিত নীতিমালায় বলা আছে, অতিরিক্ত দায়িত্ব দিতে হলে সমমানের পদে যাঁরা আছেন, তাঁদের আগে বিবেচনা করতে হবে। কিন্তু সেটিও করা হয়নি। এই ঘটনাকে অনিয়ম উল্লেখ করে তার প্রতিকার চেয়ে গণপূর্ত ডিপ্লোমা প্রকৌশলী সমিতি গত ২১ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে একটি চিঠি দিয়েছে। এর আগে প্রধান প্রকৌশলীকেও চিঠি দেয় তারা। তাতে তারা বলেছে, অযোগ্যদের এভাবে পদোন্নতি দিলে কাজের গুণগত মান ঠিক থাকবে না।ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ বলেন, ‘প্রধান প্রকৌশলী প্রায়ই ডিপ্লোমা প্রকৌশলীদের কারিগরি জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। যিনি ডিপ্লোমা কোর্স করা প্রকৌশলীদের অযোগ্য মনে করেন, তিনি কারিগরি জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা কোনোটাই নেই এমন ব্যক্তিদের নিয়োগ দিয়ে স্ববিরোধী কাজই করেছেন। এর ফলে পূর্ত অধিদপ্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।’আবদুল কুদ্দুছ বলেন, ‘এখনো যেহেতু ভোকেশনাল শব্দটি আছে, কাজেই তাঁরা ওই পদে যেতে পারেন না। আর যেহেতু তাঁরা সংশোধনের কথা বলছেন, তাহলে আগে সংশোধন হয়ে আসুক। এরপর তাঁরা নিয়োগ পেতে পারেন।’ তবে পূর্ত কর্মচারী ইউনিয়নের সভাপতি হানিফ ভূঁইয়া বলেন, ‘উপসহকারী প্রকৌশলীর ১০ ভাগ পদ ড্রাফটসম্যানদের জন্য সংরক্ষিত আছে। এই পদে ডিপ্লোমা প্রকৌশলীরা কখনোই পদোন্নতি পাবেন না। কাজেই বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা করার কিছু নেই।’ অভিযোগ উঠেছে, এই পদোন্নতির জন্য কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীরা এ জন্য গণপূর্তের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করছেন। গণপূর্তের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁঞা বলেন, দুই দফায় বিজ্ঞপ্তি দিয়েও লোক পাওয়া যায়নি। আর উপসহকারী প্রকৌশলীর ১০ ভাগ পদ ড্রাফটসম্যানদের জন্যই সংরক্ষিত। এ কারণেই তাঁদের সেখানে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তিনি বলেন, ‘ড্রাফটসম্যান হিসেবে যখন নিয়োগ দেওয়া হয় তখন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় এসএসসি। কিন্তু উপসহকারী প্রকৌশলীদের নিয়োগ বিধিমালায় আবার যোগ্যতা এসএসসি (ভোকেশনাল) লেখা হয়েছে। এটি সংশোধন করা হচ্ছে। কারণ, ১০ ভাগ পদ যেহেতু তাঁদের জন্যই থাকছে এবং তাঁরা এসএসসি পাস করে যোগ দিচ্ছেন, কাজেই এটি সংশোধন করতেই হবে।’ আর্থিক লেনদেনের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে কবির আহমেদ ভূঁঞা বলেন, অনেক পদ খালি। কাজে গতি আনার স্বার্থেই তাঁদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পদগুলোতে তো চাইলেও ডিপ্লোমারা যেতে পারবেন না। অযথাই বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, ডিপ্লোমা প্রকৌশলী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ জুলাই মন্ত্রণালয় থেকে প্রধান প্রকৌশলীকে একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে বিধিবহির্ভূতভাবে যোগ্যতাবিহীন কর্মচারীদের উপসহকারী প্রকৌশলী পদে দায়িত্ব দেওয়ার কারণ জানানোর নির্দেশ দেওয়া হয় প্রধান প্রকৌশলীকে।চিঠির বিষয়ে কবির আহমেদ ভূঁঞা বলেন, অবৈধ হলে মন্ত্রণালয় তো নিয়োগ স্থগিত করতে পারত। তারা সেটি করেনি। আর যে চিঠি দেওয়া হয়েছে, সেটির জবাব দেওয়া হবে।