বিধিনিষেধ শেষের আগেই সড়কে যান চলাচল ‘স্বাভাবিক’
রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে এশিয়া সিনেমা হলের উল্টো পাশে পুলিশের চেকপোস্ট। কিছুদূর পরপর দুটি করে প্রতিবন্ধক রাখা। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য উপস্থিত নেই। টেকনিক্যাল মোড়ে চিরায়ত যানজটের দৃশ্য। চেকপোস্ট থেকে প্রায় ২০ ফুট দূরত্বে দাঁড়ানো দুটি ভাড়ায়চালিত সিএনজি অটোরিকশা, যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে।
টেকনিক্যাল মোড়ের এই চিত্র আজ মঙ্গলবার বেলা পৌনে একটার। করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে চলা ‘কঠোর’ বিধিনিষেধ শেষ হবে কাল বুধবার। কিন্তু আগের দিনই রাজধানীর সড়কে যানবাহনের চাপ বেড়েছে। ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার উপস্থিতি অন্য দিনের চেয়ে বেশি। বিধিনিষেধ কার্যকরে সড়কে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা খুব একটা পড়েনি।
আজ দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীর টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, বিজয় সরণি, জাহাঙ্গীরগেট, মহাখালী, তেজগাঁও সাতরাস্তা, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা ঘোরেন এই প্রতিবেদক। এসব এলাকার অনেক জায়গায় পুলিশের চেকপোস্ট থাকলেও কোনোটিতেই পুলিশের সদস্য ছিলেন না। শ্যামলী, বিজয় সরণি, মহাখালী, তেজগাঁও এলাকায় সড়কে যানজট দেখা গেছে।
কলেজগেট এলাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন চালক মো. ইব্রাহিম। তিনি বলেন, ‘গত কয়েক দিন রাতে গাড়ি চালানো গেছে। আজকে সকাল থেকেই বের হইছি। এখন পর্যন্ত কোথাও কেউ আটকায় নাই।’
সড়কে ভাড়ায়চালিত মোটরসাইকেলের উপস্থিতিও বেড়েছে। মহাখালী কাঁচাবাজারের সামনে যাত্রীর অপেক্ষায় ছিল এমন ছয়টি মোটরসাইকেল। কেউ পাশ দিয়ে হেঁটে গেলেও জানতে চাইছিলেন ‘কোথায় যাবেন’। মোটরসাইকেলচালক সোহেল রানা বলেন, ‘রাস্তায় নামার জন্য খাবারের প্রয়োজনের চেয়ে বড় কোনো প্রয়োজন নাই। পুলিশরাও এটা বুঝে বইল্যা কিছু বলে না। কয়েক দিন ধরেই লকডাউন কাগজে-কলমে।’
ঈদুল আজহার পর গত ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়। শুরুর দিকে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যতটা তৎপর ছিলেন, কিছুদিন ধরে সেটি কমে এসেছে। মিরপুর বাংলা কলেজের সামনে, টেকনিক্যাল মোড়, আগারগাঁও ৬০ ফুট সড়কের চেকপোস্টে কোনো পুলিশ সদস্য দেখা যায়নি। তবে কলেজগেট মোড়ের চেকপোস্টে একজন ট্রাফিক সদস্যকে দেখা যায়। তিনি মূলত প্রধান সড়কে রিকশা যেন না চলে, সেটি নিশ্চিত করছিলেন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক তেজগাঁও বিভাগ) এস এম শামীম প্রথম আলোকে বলেন, বিধিনিষেধের শেষ দিনে সকাল থেকেই সড়কে গাড়ির চাপ বেশি। পুলিশ সদস্যরা আগের মতোই তৎপর রয়েছেন। যাঁদের থামানো হচ্ছে, তাঁরা সবাই কোনো না কোনো কারণ দেখাচ্ছেন। কাল থেকে গণপরিবহন চলবে, সেই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
করোনাভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণে এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। ঈদের পর ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়। যা প্রথমে ৫ আগস্ট পর্যন্ত ছিল। পরে তা ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। কাল বুধবার থেকে শর্ত সাপেক্ষে অফিস, গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে ৮ আগস্ট আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।