বিধিনিষেধের চতুর্থ দিন: রাজধানীতে গ্রেপ্তার ৬১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের চলাচল নিয়ন্ত্রণে তৎপর পুলিশ সদস্যরা। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায়। ঢাকা, ৪ জুন।
ছবি: তানভীর আহাম্মেদ

করোনায় চলমান কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার অভিযোগে ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আর ভ্রাম্যমাণ আদালত ১৬১ জনকে জরিমানা করেছেন ৫৪ হাজার ৪৫০ টাকা। আজ রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই গ্রেপ্তার এবং এই জরিমানা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের সর্বশেষ তথ্য বলছে, চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও সরকারি নির্দেশনা অমান্য করায় ৪৯৬টি গাড়িকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ৩০ জুন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছিলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে তাঁকে গ্রেপ্তার করা হবে, আনা হবে আইনের আওতায়। যন্ত্রচালিত কোনো যানবাহন চলতে দেওয়া হবে না জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া। এ বিধি কার্যকর থাকবে সাত দিনের সর্বাত্মক লকডাউনের পুরোটা সময়।