বিধ্বস্ত সড়কব্যবস্থা, টিকিট মেলে না ট্রেনেরও
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়নি এখনো। কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে তারপরও তিল ধারণের ঠাঁই নেই। কারণ, সারা দেশে সড়ক যোগাযোগ বিধ্বস্ত। যাতায়াতের জন্য তাই ট্রেনকেই ভরসা করছে মানুষ।ফলে টিকিটের জন্য আসা মানুষের সারি দীর্ঘ সড়কের মতো আঁকাবাঁকা হয়ে স্টেশন থেকে নেমে যায় রাস্তায়। এভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেককেই ফিরতে হয় খালি হাতে। কাউন্টার থেকে বলা হয়, এত টিকিটের সংস্থান নেই। টিকিট পেলেও সময়মতো ট্রেনের দেখা পাওয়া আরেক ভাগ্যের ব্যাপার। ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে অনেককে শুয়ে পড়তে দেখা গেছে প্ল্যাটফর্মে। উত্তরবঙ্গ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও জামালপুরগামী ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ঝুলে যাত্রী ভ্রমণ করতে দেখা গেছে। এসব চিত্র গতকাল বুধবারের।রেলওয়ের কর্মকর্তারা বলছেন, সড়ক-মহাসড়কগুলোর অবস্থা বেহাল হওয়ায় সব চাপ পড়েছে রেলের ওপর। অতিরিক্ত বগি সংযোজন করেও ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির সময় কী অবস্থা হবে, তা নিয়ে তাঁরা খুবই চিন্তিত। খন্দকার নুরুল আলম ময়মনসিংহ যাওয়ার জন্য বলাকা এক্সপ্রেস ট্রেনের টিকিট নিতে সারিতে দাঁড়িয়েছিলেন মঙ্গলবার দিবাগত রাতে সেহিরর আগে। সেহিরও করেছেন টিকিট কাউন্টারের সামনে বসেই। কিন্তু গতকাল সকাল ১০টার দিকে যখন কাউন্টার পর্যন্ত যান, তখন জানতে পারেন, টিকিট শেষ। নুরুল আলম ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ময়মনসিংহ থেকে প্রতিদিন ভোরে বাসে এসে অফিস করতেন। বাস বন্ধ হওয়ার পর গত শনিবার ট্রেনে ঢাকায় এসেছিলেন। কদিন ফকিরাপুলে এক বন্ধুর বাসায় রাত কাটান। কাল টিকিট না পেয়ে হতাশ নুরুল আলম বলেন, ‘বাড়ি থেকে খবর এসেছে, অন্তঃসত্ত্বা স্ত্রী অসুস্থ। তাই ট্রেনের হাতলে ঝুলে হলেও যেতে হবে।’ হাজি মনসুর আলীর বয়স ৬০ পার হয়েছে। বাতে জর্জরিত স্ত্রীকে নিয়ে প্ল্যাটফর্মে খবরের কাগজ বিছিয়ে সেই সেহির থেকে তিস্তা ট্রেনের জন্য অপেক্ষা করছেন। মনসুর আলী জানান, তাঁরও টিকিট ছিল না। স্টেশনে এক কালোবাজারির কাছ থেকে ৬০ টাকার টিকিট আড়াই শ টাকায় নিয়েছেন। আনোয়ারা খাতুন (৪৫) মানসিক প্রতিবন্ধী মেয়ে রুহানাকে (১৭) নিয়ে প্ল্যাটফর্মে বসে কাঁদছেন। কারণ জানতে চাইলে অসহায় আনোয়ারা বলেন, মঙ্গলবারও টাঙ্গাইলের ট্রেনে উঠতে পারেননি। আজ ট্রেনে ওঠার পণ করে এসেছেন। প্রতিবন্ধী মেয়েকে কোমরে দড়ি দিয়ে নিজের কোমরের সঙ্গে বেঁধে কাউন্টার থেকে কাউন্টারে ঘুরছেন টিকিটের জন্য। পাছে মেয়ে হারিয়ে যায়—এই ভয়েই তিনি নিজের কোমরের সঙ্গে মেয়েকে বেঁধে নেন বলে জানান। রেলওয়ে সূত্র জানায়, ময়মনসিংহ ও জামালপুর পথে চলাচলকারী ট্রেনে পাঁচটি অতিরিক্ত বগি লাগানো হয়েছে। সাংবাদিক লাঞ্ছিত: কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভোগান্তির ওপর প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন দিগন্ত টেলিভিশনের প্রতিবেদক এইচ এম নাহিয়ান ও ইশা আহম্মদ শাওন। তাঁরা বলেন, গতকাল বেলা দুইটার দিকে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারে গেলে উপস্থিত কয়েকজন যাত্রী তাঁদের জানান, বাড়তি টাকা না দিলে কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে না। বিষয়টি জানতে কাউন্টারের দিকে এগোতেই তাঁদের বাধা দেন সোহাগ, হাসান ও বারেক মোল্লাসহ কয়েকজন। পরে তাঁদের ভেতরে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। বিষয়টি দায়িত্বরত স্টেশনমাস্টার কামরুজ্জামানকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি দুপুরে শুনে তখনই স্টেশন ম্যানেজারসহ দুই কর্মকর্তাকে তিনি কাউন্টারে পাঠান। কিন্তু তাঁরা সেখানে গিয়ে কোনো সাংবাদিককে না পাওয়ায় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তবে উপস্থিত সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।