বিনা মূল্যে ওয়াই-ফাই দিতে পারছে না ডিএসসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবহুল স্থানগুলোকে পুরোপুরি বিনা মূল্যে ওয়াই–ফাই নেটওয়ার্কের আওতায় আনতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২০১৬ সালের নভেম্বরের মধ্যে ৫০টি স্থান ‘ফ্রি ওয়াই–ফাই জোন’ করার ঘোষাণা ছিল তাদের। ঘোষণার সাত মাস পরে মাত্র তিনটি স্থানে ফ্রি ওয়াই–ফাই জোন করা হয়েছে। বর্তমানে কার্যক্রমটি থেমে আছে। 

২০১৫ সালের ১২ এপ্রিল ডিএসসিসির নির্বাচনী ইশতেহারে ডিজিটাল ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। নির্বাচিত হওয়ার পর গত ১২ মে লালবাগ কেল্লায় একটি ওয়াই–ফাই জোনের উদ্বোধন করেন সাঈদ খোকন। ওই দিন তিনি পরবর্তী ছয় মাসের মধ্যে ডিএসসিসির জনবহুল ৫০টি স্থানে বিনা মূল্যে ওয়াই–ফাই সুবিধা দেওয়ার ঘোষণা দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ডিএসসিসির যৌথ উদ্যোগে এই কাজটি করার কথা ছিল। কিন্তু বিটিসিএলের সঙ্গে পর্যাপ্ত যোগাযোগের অভাবে তা বাস্তবে রূপ দিতে পারেনি ডিএসসিসি। পরিকল্পনাটি আদৌ বাস্তবায়িত হবে কি না তা-ও নিশ্চিত নয়।

ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বিটিসিএলের প্রতিশ্রুতি অনুযায়ী শহরের জনবহুল স্থানগুলোতে ওয়াই–ফাই জোন গড়ে তোলার কথা ছিল। কিছু কারণে এই প্রকল্পের কাজ পিছিয়ে গেছে। এর মধ্যে কয়েকটি এলাকায় এই সেবা চালু করা হয়েছে। শিগগিরই এই প্রকল্পের বাকি কাজ আবার শুরু করা হবে।