বিনা মূল্যের ওয়াই-ফাই সেবা নামেমাত্র
নির্বাচনী ইশতেহারে নগরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে বিনা মূল্যের ওয়াই-ফাই সেবার আওতায় আনার ঘোষণা দিলেও এটি বাস্তবে রূপ দিতে পারেননি দুই মেয়রের কেউই।
গত এক বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মাত্র একটি ওয়ার্ড (২৬ নম্বর) ওয়াই-ফাই সেবার আওতায় এসেছে। তবুও তা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের ব্যক্তিগত উদ্যোগে। এর বাইরে এখন পর্যন্ত এই সেবা অন্য ওয়ার্ডগুলোতে পৌঁছায়নি। ডিএনসিসি কর্মকর্তারা দাবি করছেন, এ পর্যন্ত ডিএনসিসির পাঁচটি এলাকায় পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই সেবা চালু হয়েছে। ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘ডিএসসিসির আওতাভুক্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ওয়াই-ফাই সেবা দেওয়ার জন্য আমরা প্রথমেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করেছিলাম। কিন্তু মন্ত্রণালয় থেকে স্মার্ট সিটি নামের একটি প্রকল্পের আওতায় একই কাজ করার কথা ছিল। এ জন্য সে সময় আমরা পিছিয়ে আসি।’ ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, ‘যানজট, জলজট, বর্জ্য ব্যবস্থাপনাসহ আমাদের সামনে এত বেশি গুরুত্বপূর্ণ ইস্যু আছে যে এগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমরা ওয়াই-ফাই বিষয়টির দিকে তেমন মনোযোগ দিতে পারিনি।’