বিপণিবিতান বন্ধের নতুন সময়সূচি মানা হচ্ছে না, তদারকিও নেই
রাজধানী ঢাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধের নতুন নির্ধারিত সময়সূচি যথাযথভাবে পালন করা হচ্ছে না। এ ছাড়া নতুন সময়সূচি যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা দেখার জন্যও পর্যাপ্ত তদারক দল এলাকায় এলাকায় যাচ্ছে না বলে কয়েকটি বিপণিবিতান সূত্রে জানা গেছে।যানজট কমানো ও বিদ্যুত্ সাশ্রয় করার জন্য ঢাকাকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের আলাদা আলাদা দিন নির্ধারণ করে দেওয়া হয় ১৪ ফেব্রুয়ারি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রস্তাবটি ১ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। এতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ছাড়া সব ধরনের দোকানপাট নির্ধারিত দিনে বন্ধ থাকবে। গত শুক্রবার থেকে নতুন কর্মসূচি কার্যকর হয়। কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর দুইটা পর্যন্ত অঞ্চল-১ এলাকার দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান বন্ধ থাকার কথা। কিন্তু ওই অঞ্চলের কয়েকটি বিপণিবিতান ও দোকানপাট গতকাল শনিবার সকালেই খোলা হয়। এই অঞ্চলের আওতায় রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীর হাজীরবাগ, দোলাইরপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চানখাঁরপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।জয়কালী মন্দির, ওয়ারীর র্যাংকিন স্ট্রিট, ফোল্ডার স্ট্রিটসহ ওয়ারী, টিপু সুলতান রোড ও আশপাশের এলাকায় গিয়ে জানা গেছে, সকালেই দোকানপাট খোলা হয়েছে। পাটুয়াটুলীতে ঘড়ির আটটির মতো পাইকারি বিপণিবিতান এবং ইলেকট্রিক, ইলেকট্রনিকস বিপণিবিতান রয়েছে। এগুলোর বেশির ভাগের দোকানপাট অন্য দিনের মতো সকালেই খোলা হয়। শাঁখারীবাজারের বেশির ভাগ দোকান সকাল সাড়ে ১০টার মধ্যে খোলা হয় বলে খোঁজ নিয়ে জানা যায়। মৌলভীবাজার, চকবাজার ও আশপাশের এলাকার বিপণিবিতানও দুপুর দুইটার আগেই খোলা হয়। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, সম্ভবত সব ব্যবসায়ী যথাসময়ে খবরটি পাননি। তবে দোকান খোলা হচ্ছে কি না, তা দেখার জন্য কোনো তদারক দলকেও দেখা যায়নি বলে তিনি জানান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শক আমিনুল ইসলাম জানান, বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন সময়সূচি নির্ধারণ করা হয় এবং যথাসময়ে চিঠি পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পরিদপ্তরের অপর এক কর্মকর্তা বলেন, নতুন সময়সূচি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই তা পুরোপুরি পালন শুরু হবে, এটাও আশা করা যায় না। আস্তে আস্তে এ বিষয়ে সবাই অভ্যস্ত হবে বলে আশা করা যায়।