বিপুল পরিমাণ ফেনসিডিল ইয়াবাসহ গ্রেপ্তার ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাব রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার বোতল ফেনসিডিল ও দুই হাজার ইয়াবা বড়িসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আরিফ হোসেন কম্পিউটার প্রকৌশলী ও ইমতিয়াজ হোসেন বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন খবরের ভিত্তিতে মিরপুর বেড়িবাঁধের দ্বীপ নগর তরঙ্গ প্লাস বাস সার্ভিসের গ্যারেজের সামনে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার আটক করে। দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী কলেজছাত্র ইমতিয়াজ হোসেন, শফিকুল ইসলামসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা হলেন: আরিফুল ইসলাম (২৮), আরিফ হোসেন (২৭), হাসান মিয়া (২৪), নাজমুল হাসান (২৪), সৈয়দ মিজানুর রহমান, রুহুল আমিন (২৬) ও আলমগীর হোসেন (২১)। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাঁদের পাঁচ দিনের রিমান্ডে আনা হয়।ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, এরা মাইক্রোবাসে কৃষি মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। বেনাপোল সীমান্ত থেকে হাসানুল ও বাবলার কাছ থেকে তারা ফেনসিডিল কেনে।