বিপ্লবী ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল নক্ষত্র কমরেড ফরহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল এক নক্ষত্র ছিলেন কমরেড মোহাম্মদ ফরহাদ। জাতির ক্রান্তিকালে তিনি সব রাজনৈতিক দলকে এক করতে পেরেছিলেন। নীতিতে দৃঢ়, কৌশলে নমনীয় এমন একজন বিপ্লবী ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তি বেঁচে থাকলে বাংলাদেশের রাজনীতি অন্য রকম হতে পারত।বাংলাদেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ ফরহাদকে নিয়ে স্মারক গ্রন্থ আকণ্ঠ বিপ্লব পিপাসার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মোহাম্মদ ফরহাদ স্মারক গ্রন্থ প্রকাশনা পরিষদ গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।সভাপতির বক্তৃতায় শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, বিপ্লবী চেতনার সঙ্গে প্রবল মানবিক বোধসম্পন্ন ছিলেন মোহাম্মদ ফরহাদ। আইয়ুব ও এরশাদবিরোধী আন্দোলনে সবাইকে নিয়ে আন্দোলন করার ক্ষমতা দেখিয়েছেন তিনি।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ তোফায়েল আহমেদ বলেন, ‘ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও ১১ দফার সময় তিনি আমাদের সুচিন্তিত মতামত দিয়েছিলেন। আজকে রাজনীতি বেদখল হয়ে গেছে। যাঁরা কোনো দিন রাজনীতি করেননি, তাঁরাই আজকের রাজনীতির নিয়ন্ত্রক। এমন দুঃসময়ে কমরেড ফরহাদের মতো লোকের খুব প্রয়োজন ছিল।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অসাধারণ সংগঠক ছিলেন মোহাম্মদ ফরহাদ। তাঁর মধ্যে ছিল দৃঢ় নীতি ও নমনীয় কৌশলের আশ্চর্য সমন্বয়।স্মারক গ্রন্থের প্রধান সম্পাদক নূহ-উল আলম বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন মোহাম্মদ ফরহাদ। এ বইটি আরও আগেই প্রকাশ করা উচিত ছিল। গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, মোহাম্মদ ফরহাদ প্রগতিশীল ও গণতান্ত্রিক সব শক্তিকে এক করতে পেরেছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য শামসুদ্দোহা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, স্মারক গ্রন্থ সম্পাদনা পরিষদের সদস্য শেখর দত্ত, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাহমুদ হাসান প্রমুখ। স্মারক গ্রন্থ প্রকাশের জন্য সবাইকে ধন্যবাদ দেন মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম।ষাটের দশকজুড়ে গণ-আন্দোলন, মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী বাংলাদেশকে সমাজ প্রগতির ধারায় এগিয়ে নেওয়ার সংগ্রামের পুরোধা ছিলেন মোহাম্মদ ফরহাদ। এ ছাড়া পঁচাত্তর-পরবর্তী সময়কালে সামরিক স্বৈরাচারবিরোধী ছাত্র-আন্দোলন গড়ে তোলায় তিনি বিশেষ ভূমিকা রাখেন। ১৯৮৭ সালের ৯ অক্টোবর অসুস্থ অবস্থায় মস্কোতে তিনি মারা যান।