বিবিসি বাংলাদেশ সংলাপ আবার শুরু হচ্ছে
‘আপনার প্রশ্ন আপনার ভবিষ্যৎ’—এই মূল ভাবনাকে সামনে রেখে আবারও শুরু হচ্ছে বাংলাদেশে বিবিসির জনপ্রিয় আয়োজন ‘বিবিসি বাংলাদেশ সংলাপ’। ১৮ নভেম্বর থেকে সংলাপের মোট ৬০টি পর্ব প্রচার করা হবে বিবিসি বাংলা এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ে।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সম্মেলনে জানানো হয়, এবারের সংলাপের প্রথম পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘নির্বাচন কোন পদ্ধতিতে?’। ঢাকায় ১৭ নভেম্বর এই সংলাপ অনুষ্ঠিত হবে। ধারণ করা অনুষ্ঠান বিবিসিতে প্রচার করা হবে পরদিন। বিবিসি বাংলা রেডিওর ‘ফোন ইন’ অনুষ্ঠান এবং ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা অনুষ্ঠানের বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁদের মতামত জানাতে পারবেন।বিবিসি বাংলা রেডিওতে প্রতি রোববার রাত আটটায় (পুনঃপ্রচার প্রতি মঙ্গলবার রাত আটটায়) এবং চ্যানেল আইয়ে প্রতি সোমবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে (প্রতি মঙ্গলবার ভোর পাঁচটা ও বেলা তিনটা পাঁচ মিনিটে পুনঃপ্রচার) প্রচার করা হবে। বিবিসি মিডিয়া অ্যাকশনের আবাসিক পরিচালক শার্লট ইমবার্ট বলেন, এ অনুষ্ঠানটি এবারও দেশের মানুষকে তাদের নেতাদের মুখোমুখি হয়ে নিজেদের প্রশ্নগুলো তুলে ধরার সুযোগ করে দেবে।এক প্রশ্নের উত্তরে বিবিসি বাংলা সার্ভিসের সম্পাদক সাবির মুস্তাফা বলেন, ‘বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার কোনো ইচ্ছা, উদ্দেশ্য বা সাহস বিবিসির নেই। একটি গঠনমূলক অবদান রাখার জন্যই মূলত এ আয়োজন।’ এর আগে বিবিসি বাংলাদেশ সংলাপের ১৫০টিরও বেশি পর্ব প্রচার করে।