বিভিন্ন অপরাধের অভিযোগে ১৮ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক অভিযানে গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব। এদের বিরুদ্ধে গাড়ি ছিনতাই, ডাকাতি, অজ্ঞান করে লুট, মাদক ব্যবসা ইত্যাদির অভিযোগ রয়েছে। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি রিভলবার, দুটি ওয়ান শ্যুটারগান ও চারটি চাপাতি উদ্ধার করা হয়েছে।ছদ্মবেশী গৃহকর্মী চক্র: গৃহকর্মী হিসেবে বাসায় ঢুকে সবাইকে অজ্ঞান করে লুট করাই এদের কাজ। গোয়েন্দা পুলিশ (ডিবি) বলেছে, তারা এ রকম একটি চক্রের সাত সদস্যকে গত দুই দিনে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে দুজন মহিলা। ডিবির সদস্যরা বলেছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুটি গুলিসহ একটি পয়েন্ট ৩২ রিভলবার ও ৫৫০টি নেশাজাতীয় এটিভ্যান ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে ছদ্মবেশী গৃহপরিচারিকারা বাড়ির লোকজনকে অজ্ঞান করে ফেলতেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আমেনা বেগম ওরফে নুরুন্নাহার (৩৫), তাঁর স্বামী বশির ওরফে মোতালেব ভুঁইয়া (৪০), আমেনার বোন রুজিনা বেগম (৩০), তাঁর স্বামী বাদশা মিয়া এবং কাঞ্চন আকন্দ (২৪), শ্যামলাল সরকার (৩৯) ও বিমল ঘোষ।এ বিষয়ে গতকাল সোমবার মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ দপ্তরে এক সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সহকারী কমিশনার ওবায়দুল হক তাঁদের আটক করার বিস্তারিত বর্ণনা দেন।পাঁচ ডাকাত গ্রেপ্তার: গতকাল ভোর পৌনে চারটার দিকে শ্যামলী ২ নম্বর সড়কের একটি খালি প্লট থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোস্তফা (২৪), মির্জা আলম (২২), বেলাল (২২), দীন ইসলাম (২৯) ও বদরুল (২৫)। তাঁদের কাছ থেকে চারটি গুলিসহ একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শ্যুটারগান, তিনটি চাপাতি ও দুটি শাবল উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের আটক করা হয়।গুলিবিদ্ধ ছিনতাইকারী গ্রেপ্তার: র‌্যাব-২-এর অপর একটি দল গত রোববার রাত ১২টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডে আবদুল জলিল (৩২) নামের একজনকে আটক করেছে। র‌্যাব বলেছে, আবদুল জলিল ছিনতাই করে পালানোর সময় তাঁরা তাঁকে ধাওয়া করেন। জলিল র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে তাঁরাও পাল্টা গুলি চালান। এ সময় জলিলের পায়ে গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কাছ থেকে একটি গুলিসহ ওয়ান শ্যুটারগান ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।গাড়িচোর চক্রের দুজন আটক: এদিকে ডিবির গাড়ির চুরি প্রতিরোধ দল ছিনতাই করা একটি কারসহ ফেরদৌস ওরফে ফেদু (৩৫) ও মোকসেদকে (৩৫) নামের দুজনকে ঢাকা ও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সহকারী কমিশনার (এসি) মোখলেসুর রহমান জানান, তাঁদের কাছ থেকে প্রায় আট লাখ টাকার গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।হেরোইনসহ গ্রেপ্তার ২: ক্রেতা সেজে বিমানবন্দর এলাকা থেকে গতকাল সোমবার ভোরে দুই চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১। র‌্যাবের মেজর আহসানুল কবির ও সহকারী কমিশনার আবুল হোসেনের নেতৃত্বে একটি দল ক্রেতা সেজে আলতাফ হোসেন (৪৫) ও কাঞ্চন মুন্সী (৩৫) নামের ওই দুজনকে আটক করে। ফেনসিডিলসহ গ্রেপ্তার ১: টঙ্গী এলাকা থেকে র‌্যাব-১-এর ক্যাপ্টেন সোহেলের নেতৃত্বে একটি দল ২৫ বোতল ফেনসিডিলসহ ফালু মিয়া নামের একজনকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।