বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ
রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে শীতবস্ত্র বিতরণ। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শীতার্তদের জন্য এ সহযোগিতা অব্যাহত রয়েছে।সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল সমাজকল্যাণমূলক সংগঠন ‘উজ্জীবন বাংলাদেশ’ রমনা পার্ক এলাকায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সমাজের অসহায় দুস্থদের সাহায্যার্থে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।শনিবার রাতে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও মহাখালী বাসস্ট্যান্ডে শীতার্ত দুস্থদের মধ্যে নতুন কম্বল, সোয়েটার ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করে নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন নৌ স্কাউট। শীতার্তদের সাহায্যার্থে শনিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ৩০ হাজার কম্বল দান করেছে ডাচ্- বাংলা ব্যাংক লিমিটেড। ওই দিন ব্যাংক ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের হাতে একটি নমুনা কম্বল হস্তান্তর করেন।