রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার কয়েকটি প্রতিষ্ঠানকে মোট আট লাখ ৩২ হাজার টাকা জরিমানা করেছেন। রমজান মাসে ইফতারির অন্যতম উপাদান খেজুরে ফরমালিন মেশানো, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি, অনুমোদনহীন ওজনযন্ত্র ব্যবহারসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়।অভিযানকালে ফরমালিনযুক্ত ৪৭০ কেজি খেজুর ও ২৩ কেজি আঙুর জব্দ করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পৃথকভাবে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।খেজুর ও আঙুরে ফরমালিন: বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত সকালে মোহাম্মদপুর কৃষি বাজারে অভিযান চালান। আদালত এই বাজারের কামাল হোসেন, মামুন, ফয়সাল, উজ্জ্বল শিকদার, হেমায়েত, ইসমাইল, মকবুল ও মুরাদের দোকানের খেজুর ও আঙুর পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পান। আদালত এসব দোকান থেকে প্রায় ৪৭০ কেজি খেজুর ও ২৩ কেজি আঙুর জব্দ করেন।পরে একই আদালত মিরপুর রোডের পাশে বড় দোকান ফ্যামিলি ওয়ার্ল্ডে সংরক্ষিত আঙুরেও ফরমালিন পান। এ দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।পচা ও বাসি খাবার: পচা ও বাসি খাবার বিক্রি করায় কমলাপুর রেলস্টেশন এলাকার বিরতি রেস্তোরাঁকে বিএসটিআইয়ের অপর একটি ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। বিএসটিআইয়ের অনুমোদনহীন দই সংরক্ষণ করায় কমলাপুর রেলস্টেশনের ক্যাফেটেরিয়াকে সাত হাজার টাকা, তাঁতীবাজারের মুসলিম সুইটসকে ৫০ হাজার টাকা, অনুমোদনহীন পাউরুটি ও কেক বিক্রি করায় মোহাম্মদপুরের রেড বেরিজ ফুডসকে ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। অনুমোদন ছাড়া পাউরুটি, বিস্কুট ও কেক নোংরা ও খোলা পরিবেশে তৈরি করায় সিদ্ধেশ্বরীর আহাদ বেকারির ব্যবস্থাপক অপু খানকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়। খোলা ও নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ করায় মতিঝিলের ক্যাফে ধানসিঁড়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা প্যাকেটে খাবার বিক্রি করায় মতিঝিলের হাজীর বিরিয়ানিকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩০০টি নোংরা প্যাকেট জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। একই এলাকার ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অপরিচ্ছন্নতার জন্য ২০ হাজার টাকা, আল ইসলাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা, নাজিমউদ্দিন রোডের আলাউদ্দিন সুইটমিটকে এক লাখ টাকা ও মৌচাক এলাকার মা-মণি রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।বিএসটিআইয়ের অপর একটি ভ্রাম্যমাণ আদালত মিরপুর এলাকার পূর্ণিমা রেস্টুরেন্ট, রব্বানী হোটেল, কল্যাণপুরের কুটুম হোটেলে অভিযান চালান। বাসি খাবার পরিবেশন, খাবারে ঢাকনা না রাখা, রান্নাঘর অপরিষ্কার রাখাসহ বিভিন্ন অপরাধে এসব হোটেল ও রেস্টুরেন্টকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত কলাবাগানের কয়েকটি মুদি দোকানে অভিযান চালান। এসব দোকানের মালিক নানাভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তাঁদের মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান এই আদালতের কার্যক্রমে নেতৃত্ব দেন।অধিদপ্তরের অপর একটি ভ্রাম্যমাণ আদালত কাফরুল থানার কচুক্ষেতে রজনীগন্ধা সুপার মার্কেটের সাতটি দোকানে অভিযান চালান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় দোকানগুলোকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এই আদালতের নেতৃত্ব দেন।র্যাবের ভ্রাম্যমাণ আদালত: র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান কামরাঙ্গীরচর ও চকবাজার থানার আশরাফাবাদ, সোয়ারী ঘাট এবং কেল্লার মোড় বাঁশপট্টি এলাকায়। রোমানিয়া ব্র্যান্ডের সেমাই নকল করার অপরাধে কামরাঙ্গীরচরের ভাই ভাই সেমাই কারখানার দীন ইসলাম ও শামসুল আলমকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই মোড়কজাত করায় মো. লাল মিয়াকে ১০ হাজার টাকা এবং মো. চান মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা এ অভিযানে নেতৃত্ব দেন।