বিভিন্ন সংগঠনের একুশের কর্মসূচি
মহান একুশের ৬০ বছর পূর্তি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এর মধ্যে পদাতিক নাট্য সংসদ আজ সকাল ১০টায় রমনার বটমূলে ‘একুশের চতুর্দশ সাংস্কৃতিক সম্মিলন ও ভাষাসৈনিক সম্মাননা ২০১২’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে অধ্যাপক আনিসুজ্জামানকে ভাষাসৈনিক সম্মাননা ২০১২ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক মোস্তফা নুর-উল ইসলাম। একুশ উপলক্ষে আজ সন্ধ্যায় টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা একুশের গান পরিবেশন করবেন। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, নজরুল একাডেমী, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, বিশ্ব বাঙালি সম্মেলন, ন্যাশনাল পিপলস পার্টি, সোনার বাংলা যুব পরিষদ, বঙ্গবন্ধু মঞ্চ, তমদ্দুন মজলিস, বাংলাদেশ সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী: একুশ উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বাণী দিয়েছেন। ভাষাশহীদদের স্মরণ করে রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, একুশ মানুষের নিজস্ব ভাষা, সাহিত্য ও সংস্কৃতির লালনে প্রেরণা জোগায় এবং সব অন্যায়-অবিচার ও বঞ্চনার বিরুদ্ধে উজ্জীবিত হতে সাহায্য করে। ভেদাভেদ ভুলে জনগণের ভাগ্য উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, মহান একুশ বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। সারা বিশ্বের সব মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেরণার উৎস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেন, একুশের চেতনা বাঙালিকে আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তির অশুভ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।