বিভিন্ন সংগঠনের ক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের আরেক দফা দাম বাড়ানোর সিদ্ধান্ত চরম গণবিরোধী। সাম্রাজ্যবাদ, বিশ্বব্যাংক ও আইএমএফের নির্দেশেই এই মূল্য বাড়ানো হয়েছে। সমাবেশে ১৯ নভেম্বর দেশের সব জেলা সদরে সিপিবির বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান।একই স্থানে গতকাল গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দফায় দফায় জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে জনস্বার্থের সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছে মহাজোট সরকার। বক্তারা সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও একই কারণে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে গতকাল। সংগঠনটি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ যুব মৈত্রী বিবৃতি ও বিক্ষোভ সমাবেশে সরকারের এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। বিজ্ঞপ্তি।