রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল মঙ্গলবার পৃথক বিবৃতিতে বিভিন্ন দল ও সংগঠন এ প্রতিক্রিয়া ব্যক্ত করে। কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন এ হামলার জন্য পুলিশকে দায়ী করেছে। অন্যদিকে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন এ হামলার জন্য জামায়াতকে দাবি করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বিবৃতিতে বলেছে, দেশকে অস্থিতিশীল ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে জামায়াত সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এক বিবৃতিতে পুলিশের এ হামলাকে মধ্যযুগীয় বর্বরতা বলেছে। দলটির অভিমত, এ ধরনের ঘটনা নজিরবিহীন। তারা জামায়াতের নেতাদের মুক্তি দাবি করেছে। খেলাফত মজলিস এক বিবৃতিতে বলেছে, দমন-নিপীড়ন চালিয়ে গণ-আন্দোলন স্তব্ধ করা যাবে না। তারা পুলিশের হামলার নিন্দা জানিয়েছে।সম্মিলিত সামাজিক আন্দোলন এক বিবৃতিতে বলেছে, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় বাধা দিতে এটা জামায়াতের সাজানো ঘটনা। সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ জামায়াত-শিবিরের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা লীগ, বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু আদর্শ ফোরাম জামায়াত-শিবিরের সহিংস হামলার নিন্দা জানিয়েছে। বিএফইউজের নিন্দা: সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজের সভাপতি আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। তাঁরা জামায়াতের কর্মসূচিতে পুলিশের হামলার সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলারও প্রতিবাদ জানান। নেতারা বলেন, একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড দেশে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে।