>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

বেলা ২টা ৩০মিনিট। সারা দেশ গতদিনের মতো আজও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। মহাপরিচালক মহোদয় ব্রিফিং শুরু করলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে আজও জানানো যাচ্ছে যে গতকালের ন্যায় আজও আমাদের আরও কিছু মানুষকে হারাতে হয়েছে। আজও গতদিনের মতো দেশে করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে।’ কিন্তু গতকালের চেয়ে আজকে তিনি একটু গম্ভীর। তিনি আজ একটু আবেগাপ্লুত। তাঁর চোখেমুখে বেদনার ছাপ ফুটে উঠছে। আজ তিনি পরিসংখ্যান বলতে গিয়ে বলে উঠলেন, ‘এ বিভীষিকার শেষ কোথায়? কোথায় গিয়ে থামবে এত এত লাশ এবং মৃত্যুর মিছিল?’
৩ জুন, ২০২০ ‘রোবট হয়েছে মানুষ’ শিরোনামে একটি লেখা প্রকাশিত হয় প্রথম আলো অনলাইনে। বলা হয়, ‘পৃথিবী কেবল একার না, এ ভুবনের সবকিছুর মানুষের মতো বাঁচার অধিকার আছে। বেঁচে থাকার জন্য আমাদের তাদের প্রয়োজন আছে। তাদেরও আমাদের প্রয়োজন আছে।’ যান্ত্রিক শহরে যান্ত্রিকতার ছোঁয়া অনেকটাই কমেছে। নতুন নতুন মহাকাব্য সৃষ্টি হচ্ছে। তবে, যুগে যুগে বহু বিভীষিকার আগমনও হচ্ছে। অনেকটা যেমন প্রকৃতি নিজ আগ্রাসন দেখিয়ে দিচ্ছে আমাদের। দেখিয়ে দিচ্ছে এ মৃত্যুর মিছিল থামার নয়। এ মৃত্যুর মিছিল চলমান গতিতে এগিয়ে যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আমরা এখন প্রথম ধাপে আছি এ মহামারির। তবে কি তারা এক প্রকার হুঁশিয়ারি দিয়ে দিল আমাদের—সাবধান হয়ে যাও। এখনো বিভীষিকা মাত্র শুরু। শহর যান্ত্রিক হচ্ছে। সঙ্গে যেন আমরাও যান্ত্রিক হচ্ছি। প্রকৃতির ওপর অবিচার করেই চলছি। কোথাও যেন শোনা যায়, কেউ গাছ কাটছে, আবার কেউ কেউ, নিরীহ প্রাণী হত্যা করছে। আবার কেউ কেউ এ মহামারির সময়ও নিজ সচেতনতা নিয়েও প্রশ্ন তুলছেন। তবে, দিনের শেষে কি এ বিভীষিকা আদৌ শেষের পথে আছে? প্রতিদিন শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড হচ্ছে দেশে এবং দেশের বাইরে। এখনো কি সচেতন হওয়ার নয়? এখনো কি কাঁধে কাঁধ মিলিয়ে প্রকৃতির সঙ্গে মিলেই বিভীষিকার অবসান ঘটানোর সময় নয়?
নিজ কর্ম দ্বারা আমরাই হয়তো আবার নতুন সকাল গড়ে তুলতে পারি। আবার নতুন সূর্য দেখতে পারি, যেখানে সামাজিক দূরত্ব থাকবে না। বন্ধুবান্ধব সবাইকে জড়িয়ে বলতে পারি, আর না। এখন সবকিছুর অবসান হয়েছে। সবকিছু ঠিক হয়ে গেছে। ধরণি আবার তার সবুজ আমাদের কাছে মেলে ধরেছে। এমন বিভীষিকাহীন সুন্দর সকালের অপেক্ষায়।
*শিক্ষার্থী, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। [email protected]