জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে নবম-দশম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ পাঠ্যপুস্তক নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বইটির সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার সমন্বিত কর্মকাণ্ডের অংশ হিসেবেই এ প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। লিখিত বক্তব্যে আখতারুজ্জামান বলেন, পাঠ্যপুস্তকের ৮২ পৃষ্ঠায় একটি লাইনে বলা হয়েছে ‘দেবদেবীর বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গীকৃত পশুর গোশত খাওয়া হারাম’। এখানে এই ‘দেবদেবীর বা’ কথাটি ভুলবশত লেখা হয় এবং তা নজরে আসার সঙ্গে সঙ্গে ৩০ জানুয়ারি সংশোধন করে সারা দেশের মাঠপর্যায়ে তা জানিয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়। একটি পত্রিকায় তাঁর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।লিখিত বক্তব্যে আখতারুজ্জামান আরও বলেন, ‘আমি জেনে-শুনে সজ্ঞানে, স্বেচ্ছায় এ ভুলের সঙ্গে জড়িত নই। তবে সম্পাদক হিসেবে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। যখনই আমার নজরে ভুলটি ধরা পড়েছে, তখনই আমি সংশোধনের উদ্যোগ নিয়েছি।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বইয়ের লেখক অধ্যাপক আবদুল মালেক, অধ্যাপক আবদুর রশীদ ও অধ্যাপক মোহাম্মদ ইউসুফসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। গত ১০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমাবেশে আখতারুজ্জামানকে নাস্তিক আখ্যায়িত করে তাঁর ফাঁসি দাবি করা হয়। গতকাল বুধবারও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে আখতারুজ্জামানের শাস্তি দাবি করেন মো. সেলিম ভূঁইয়া। সম্মেলন থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি ২৫ মার্চের মধ্যে জাতীয়করণ না হলে ২৮ ও ৩০ মার্চ কর্মবিরতি এবং ২৯ মার্চ ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।