বিমানবন্দর গোলচত্বরে লরিচাপায় মোটরসাইকেল চূর্ণ, নিহত ২
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বরের কাছে লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
গতকাল বুধবার গভীর রাতে বিমানবন্দর গোলচত্বরের কাছের পদচারী-সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন কাজল রেখা (৩৫) ও রফিকুল ইসলাম (৪০)।
এসআই জুয়েল মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বেপরোয়া গতির একটি লরি পেছন দিকে থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। মোটরসাইকেলের আরোহী কাজল রেখা ও রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
পরে নিহত দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মোটরসাইকেলকে চাপা দিয়ে লরিচালক পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।
এসআই জুয়েল মিয়া জানান, নিহত দুজনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রে কাজল রেখার ঠিকানা হিসেবে রাজধানীর দক্ষিণ গোড়ান এলাকার কথা উল্লেখ রয়েছে। আর রফিকুল ইসলামের বাসা উত্তরার আজমপুর এলাকায়।