বিমানবন্দর থেকে হেরোইন নয় উদ্ধার হয়েছে ইয়াবার কাঁচামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া পাচারের সময় গত শনিবার সন্ধ্যায় হেরোইন সন্দেহে ২৬ কেজি সাদা গুঁড়া পদার্থ উদ্ধার হয়। আলোচিত বিষয়টি নিয়ে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারাও অনেক তৎপরতা দেখান। কিন্তু তার পরও এ ঘটনায় একটি জিডি করতেই লেগে যায় ২৪ ঘণ্টা। দুই দিনের মাথায় শনাক্ত হয় গুঁড়া পদার্থের আসল পরিচয়। এরপর এ ঘটনায় মামলা হবে, তারপর শুরু হবে তদন্ত।গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষার পর জানা যায়, গুঁড়া পদার্থগুলো আসলে ইয়াবা তৈরির প্রধান কাঁচামাল সুডোইফিড্রিন নামে এক ধরনের রাসায়নিক। মালয়েশিয়ায় পাচারের সময় গত শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের রপ্তানিপণ্যের গুদামে জাহাজীকরণের অপেক্ষায় থাকা নয়টি বিড়ির কার্টন থেকে এগুলো উদ্ধার করা হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এগুলো উদ্ধারের পর শনিবার রাতে বিমানবন্দরে কর্মরত কাস্টমস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সবার উপস্থিতিতেই খোলা হয় প্যাকেটের মুখ। বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এই চালান উদ্ধারে নিজেদের কৃতিত্ব জাহির করতে উঠেপড়ে লাগেন। কিন্তু আইনি পদক্ষেপ নেননি কেউই।যার ফলে উদ্ধারের পর সারা রাত পার হয়ে সারা দিন গড়িয়ে যাওয়ার পর রোববার সন্ধ্যায় সহকারী রাজস্ব কর্মকর্তা (রপ্তানি পরীক্ষা, এয়ারফ্রেইট ইউনিট) সাইফুর রহমান এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি জিডি করেন। সেই জিডির ভিত্তিতে গতকাল সোমবার উদ্ধার করা পদার্থের নমুনা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়।কর্মকর্তারা বলেন, রাসায়নিক পরীক্ষায় নিশ্চিতভাবে উদ্ধার হওয়া পদার্থ শনাক্তের পরই মামলা হবে। মামলার পর পুলিশের পক্ষ থেকে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। এরপর তিনি তদন্ত শুরু করবেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ইকবাল বলেন, ২৬ কেজি হেরোইন সন্দিগ্ধ বস্তু উদ্ধারের পর বিষয়টি বহুল আলোচিত হলেও তা শনাক্ত করতে কেন দুই দিন লাগল বিষয়টি তাঁর কাছেও স্পষ্ট নয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারের প্রধান পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা বলেন, বহনযোগ্য রাসায়নিক শনাক্তযন্ত্রের মাধ্যমে খুব সহজেই রাসায়নিকের ধরন সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। তিনি বলেন, মূলত সুডো ইফিড্রিনের সঙ্গে এসিটিক এলহাইড্রাইট যুক্ত করে রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয় মেথাএম্ফিটামিন। এরপর তার সঙ্গে ক্যাফেইন যোগ করে তৈরি হয় ইয়াবার মতো উত্তেজক বড়িগুলো।এদিকে ওই পণ্য রপ্তানির কাগজে দেখা গেছে ওই কার্টনগুলোর ‘রপ্তানি পরীক্ষা প্রতিবেদন’-এ স্বাক্ষর করেছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান। রপ্তানিযোগ্য পণ্য কায়িকভাবে পরীক্ষা করে রপ্তানি পরীক্ষা প্রতিবেদন দেওয়া হয়। অথচ সাইফুর রহমানই এ ঘটনায় জিডি করেছেন। রপ্তানি পরীক্ষা প্রতিবেদনের পরই কার্টনগুলো জাহাজীকরণের জন্য গুদামজাত করা হয়। তার আগে অবশ্য কার্টনগুলো স্ক্যানিং-যন্ত্র দিয়ে তল্লাশি করা হয়েছিল। এত সবের পরও কেন কার্টনগুলোতে মাদকের অস্তিত্ব জানা গেল না, তা এখনো স্পষ্ট নয়।