বিমানবন্দর থেকে ১৬ রোহিঙ্গাসহ আটক ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ও গলাকাটা পাসপোর্ট নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার সময় ২৮ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তাঁদের মধ্যে ১৬ জন রোহিঙ্গা ও পাঁচজন দালাল।আর্মড পুলিশের এএসপি এ বি এম আতিকুর রহমান বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থান থেকে এদের আটক করা হয়।আর্মড পুলিশ সূত্র জানায়, তাদের কাছে খবর ছিল মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের একটি বড় দল বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কম্বোডিয়া ও মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে আসবে। সে অনুযায়ী এএসপি এহতেশামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিমানবন্দরের ১ ও ৩ নম্বর বহির্গমন ফটকের আশপাশে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে রোহিঙ্গারা বিমানবন্দরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সাদা পোশাকে থাকা সদস্যরা দুজন দালালকে অনুসরণ করে পার্কিং এলাকা থেকে তিনজন রোহিঙ্গাকে আটক করেন। তাঁদের তথ্যের ভিত্তিতে টার্মিনাল এলাকা থেকে আরও নয়জন এবং গাড়িতে করে পালানোর সময় অপর চারজন রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় পাঁচ দালাল এবং জাল পাসপোর্টধারী সাত বাংলাদেশিকে আটক করা হয়।সূত্র আরও জানায়, আটক হওয়া রোহিঙ্গারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা মিয়ানমার থেকে টেকনাফ হয়ে ঢাকায় আসেন। তাঁদের কাছে ২৩টি গলাকাটা (পাসপোর্টের প্রকৃত মালিকের ছবি পরিবর্তন করা) পাসপোর্ট পাওয়া গেছে। নওয়াব আলী খান নামের এক দালালের কাছ থেকে ২৬ লাখ ২১ হাজার টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর থানায় মামলা হয়েছে।