বিমানবন্দরে এবার জব্দ হলো ১৪ কেজি সোনা
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ১৪ কেজি সোনা জব্দ করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের একটি দল (প্রিভেন্টিভ) গোপন সংবাদের ভিত্তিতে ওই চালানটি জব্দ করে।
কাস্টমস কর্মকর্তারা বলেছেন, জব্দ করা এই ১৪ কেজি সোনার দাম আনুমানিক সাত কোটি টাকা। তবে এই সোনা আনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকে আটক করা যায়নি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান বলেন, গতকাল সকাল সোয়া আটটার দিকে কুয়ালালামপুর থেকে আসা রিজেন্ট এয়ারের উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।
ওই উড়োজাহাজের ১৯ (এ) আসনের নিচে তিনটি সারিতে রাখা ১৪ কেজি সোনা জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। হলুদ ও কালো রঙের স্কচটেপ দিয়ে এসব সোনার বার আসনের নিচে আটকানো ছিল। ১০ তোলা ওজনের ১২০টি বারে এই সোনা ছিল, এগুলোর মোট ওজন ১৪ কেজি, আনুমানিক বাজারমূল্য সাত কোটি টাকা।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। উড়োজাহাজের আসনের নিচে কীভাবে সোনার বারগুলো এসেছে এবং কারাই বা সেগুলো রেখেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
চলতি বছরের এ পর্যন্ত ঢাকার হজরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮০০ কেজি সোনা জব্দ করেছেন শুল্ক বিভাগ ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।
এর মধ্যে গত অক্টোবর মাসে তিন মালয়েশীয় নাগরিকের কাছ থেকে ৪৫ কেজির সোনার চালান জব্দ করা হয়। শুল্ক কর্মকর্তারা জানান, এসব চালান জব্দের পর তাঁরা থানায় মামলা করেন। কিন্তু পরবর্তী সময়ে এসব মামলার তদন্ত তেমন এগোয় না।