বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার, একজন আটক
৪০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার মূসা চৌধুরী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দুই সুপারিনটেনডেন্ট শামসুল ইসলাম খান ও সাইফুল ইসলাম মূসার লাগেজ তল্লাশি করে মুদ্রাগুলো উদ্ধার ও তাঁকে আটক করেন।শামসুল ইসলাম খান প্রথম আলোকে জানান, মূসা গতকাল সকাল পৌনে আটটার দিকে এমিরেটস এয়ারলাইনসের বিমানে ঢাকা থেকে দুবাই যাচ্ছিলেন। তাঁর আচরণে সন্দেহ হলে লাগেজ তল্লাশি করে এক লাখ ৫৩ হাজার ৪৫৫ ইউএই দিরহাম, ৪৯ হাজার সৌদি রিয়াল ও ২৪ হাজার কাতারি রিয়াল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মূসার পাসপোর্টটি ইস্যু হয় গত বছরের ফেব্রুয়ারিতে। তারপর থেকে গত ১৬ মাসে তিনি ১৩ বার দুবাই গেছেন। মূসা আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।