বিমানবন্দরে মাদক পাচারের ঘটনায় একজন গ্রেপ্তার
শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা তৈরির উপাদান ইফিড্রিন পাচারের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ভোরে কার্গো ভিলেজ থেকে কুদরত এলাহি নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৮ আগস্টে ৮২ কেজি ইফিড্রিন পাচার মামলার এজাহারভুক্ত আসামি কুদরত এভিয়েশন ম্যানেজমেন্ট সার্ভিসের স্ক্যান মেশিন অপারেটর। বিমানবন্দর থেকে মাদক উদ্ধারের ঘটনায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শামসুল ইসলাম খান বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় চালানটি প্রেরণকারী টেক্সটাইল অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সহায়তাকারী সিঅ্যান্ডএফ এজেন্ট এইচটি কার্গো সার্ভিসেসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও মালিক হানিফ এবং সহকারী স্ক্যানিং অপারেটর কুদরত এলাহিকে আসামি করা হয়েছে। বিমানবন্দরে স্ক্যানিংয়ের দায়িত্বে রয়েছে এভিয়েশন ম্যানেজমেন্ট সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠান। মামলায় তাঁদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বিদেশে মাদক পাচারের অভিযোগ আনা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শামসুল ইসলাম প্রথম আলোকে জানান, আমেরিকার একটি সংস্থার দেওয়া মাদক পরীক্ষণ কিটের সাহায্যে পরীক্ষা করে ও অন্যান্য সূত্র থেকে তাঁরা নিশ্চিত হয়েছেন যে এগুলো ইফিড্রিন। যা দিয়ে ইয়াবা তৈরি করা হয়।