বিমানবন্দরে ৭০ ভরি স্বর্ণসহ আটক ১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার রাতে প্রায় ৭০ ভরি স্বর্ণসহ হাবিবুর রহমান (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর টেলিফোনে প্রথম আলোকে বলেন, গত সোমবার রাত ১০টায় হাবিবুর রহমান সিঙ্গাপুর এয়ারওয়েজের এসকিউ-৪৪৬ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাইরে আসার পর কার পার্কিং এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে তল্লাশি করেন। পুলিশ তাঁর হ্যান্ডব্যাগ, জ্যাকেট ও জুতা থেকে স্বর্ণের হার, কানের দুল ও আংটিসহ প্রায় ৭০ ভরি স্বর্ণ উদ্ধার করে। পুলিশ তাঁর সঙ্গে থাকা কম্পিউটারের যন্ত্রাংশসহ বেশ কিছু মালামালও জব্দ করেছে। গ্রেপ্তারের পর হাবিবুরকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।পুলিশ জানায়, হাবিবুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার দেলভোগ দয়াহাটা গ্রামে।