বিমানবন্দরে 'যাত্রী নিরাপত্তা ফি' আদায়ের চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তায় ‘এভিয়েশন সিকিউরিটি ফোর্স’ নামে আলাদা বাহিনী গঠন করা হচ্ছে। এ বাহিনীর খরচ মেটাতে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের কাছ থেকে নিরাপত্তা ফি আদায়ের কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, এ-সংক্রান্ত প্রস্তাব এখনো সরকারের কাছে দেওয়া হয়নি, তবে দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এম সানাউল হক এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীর প্রায় সব দেশে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের কাছ থেকে নিরাপত্তা ফি নিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে এই ফি নেওয়া হতো না।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেন, এভিয়েশন সিকিউরিটি ফোর্স গঠনের কাছ চলছে। এ ব্যাপারে সরকারের কাছ থেকে অনুমোদনও পাওয়া গেছে। নিরাপত্তা ফি থেকে এই ফোর্সের সদস্যদের খরচ মেটানো যেতে পারে। তিনি বলেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এখন লোকবল ৩ হাজার জন। এর মধ্যে নিরাপত্তাকর্মী আছেন ৯০০ জন। লোকবল বাড়ানো হবে। এর মধ্যে নিরাপত্তাকর্মী নেওয়া হবে ১ হাজার ৭৩৫ জন।
এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বলেন, নতুন নিরাপত্তা বাহিনী কাজ শুরু করলে সোনা চোরাচালান বন্ধ হয়ে যাবে বলে তিনি আশাবাদী। এ ছাড়া বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট আবার চালুর কাজ এগোচ্ছে বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান উপস্থিত ছিলেন।