বিমানবন্দরের অবৈধ টোল বন্ধ ও পার্কিং উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে ঢোকার মুখে অবৈধ টোল আদায় ও গাড়ির পার্কিং উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বিমানবন্দরের আর্মড পুলিশ সদস্যরা এ অবৈধ পার্কিং ও টোল আদায় উচ্ছেদ করে।বিমানবন্দরের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালের সামনে একটি পার্কিং ছাড়াও পাশে একটি বহুতল পার্কিং রয়েছে। ইজারাদারদের শুধু এই দুটি জায়গায় গাড়ি রাখার জন্য নির্দিষ্ট হারে রসিদ দিয়ে টাকা নেওয়ার কথা। কিন্তু পার্কিং লট ইজারাগ্রহণকারী প্রতিষ্ঠান সরকার এন্টারপ্রাইজের কর্মীরা এক নম্বর টার্মিনালে ঢোকার মুখে দাঁড়িয়ে থাকে। এক নম্বর টার্মিনাল অথবা ক্যানপি এলাকায় গাড়ি ঢুকলেই তারা টাকা আদায় করে। অভিযোগ রয়েছে, ৩০ টাকার পার্কিং রসিদ দিয়ে তারা ৫০ টাকা করে নিয়ে থাকে। এক নম্বর টার্মিনালের সামনের জায়গাটিতেও তারা অবৈধভাবে গাড়ি পার্কিং করে টাকা নিত।আর্মড পুলিশের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার শরীফুল হক প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনের জায়গাটি শুধু সিভিল এভিয়েশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি রাখার জন্য নির্ধারিত। দুই নম্বর টার্মিনালের সামনের এবং বহুতল পার্কিংটি সর্বস্তরের লোকজনের ব্যবহারের জন্য। কিন্তু এই দুটি পার্কিং লট ইজারাগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মীরা এক নম্বর টার্মিনালের সামনে গাড়ি রাখার ব্যবস্থা করে এবং এখান থেকে অবৈধভাবে টোল আদায় করে বলে অভিযোগ আছে। এ ছাড়া বিমানবন্দরে ভাড়ায়চালিত গাড়িগুলো অবৈধভাবে এক নম্বর টার্মিনালের সামনে রাখা হতো। ওইসব গাড়ির চালক ও দালালেরা যাত্রী নিয়ে টানাটানি করে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তাই গতকাল দুপুরে এই অবৈধ পার্কিং উচ্ছেদ ও টোল আদায় বন্ধ করা হয়েছে।সহকারী পুলিশ সুপার আরও বলেন, এখন থেকে বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল অথবা ক্যানপি এলাকায় ঢুকতে-বের হতে কোনো গাড়িকে টাকা দিতে হবে না। যদি কেউ টাকা চায়, তা সঙ্গে সঙ্গে কর্তব্যরত এপিবিএন সদস্যকে জানানোর পরামর্শ দেন তিনি।