জঙ্গি হামলার আশঙ্কায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন)। ১ জুলাই থেকে সেখানে এক হাজার ১০০ জন আর্মড পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি আকাশপথের নিরাপত্তা জোরদার করতে বিমানে স্কাই মার্শাল মোতায়েন রাখার ভারতীয় প্রস্তাবও বিবেচনা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিমানবন্দরে জঙ্গি হামলা হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে একাধিক গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এই চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়কেও দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০ মে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় বিমানবন্দরের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকের সূত্র ধরে ২০ মের সভায় বিমানবন্দরের নিরাপত্তায় কতিপয় সিদ্ধান্ত নেওয়া হয়। এ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে স্থায়ী ব্যবস্থা হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত বুধবার প্রথম আলোকে বলেন, গোয়েন্দা সংস্থার পরামর্শে ১ জুলাই থেকে বিমানবন্দরে এক হাজার ১০০ আর্মড পুলিশ মোতায়েন করা হবে। এদের মধ্যে নারী পুলিশও থাকবে। তারা সেখানে সার্বক্ষণিক কাজ করবে। এ ছাড়া বিমানে গমন ও নির্গমন উভয় পথ এবং সাধারণের যাতায়াতেও নির্দিষ্ট কৌশল গ্রহণ করা হচ্ছে। যাত্রীসাধারণের তল্লাশি থেকে শুরু করে সার্বিক নিরাপত্তার দায়িত্ব আর্মড পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন পরিচালক নিরাপত্তাব্যবস্থা তদারক করবেন। বিমানে স্কাই মার্শাল (অস্ত্রধারী বিশেষ নিরাপত্তারক্ষী) মোতায়েনের ভারতীয় প্রস্তাব সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিতেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। স্কাই মার্শাল ভারতীয় নিজস্ব নিরাপত্তা সংগঠন। বিশেষ পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদ দমনে কাজ করে ভারতীয় এ বাহিনী। ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থার বিমানের ভেতরে এই সংগঠনকে দায়িত্ব দেওয়ার বিষয়ে অনুমতি চেয়ে বাংলাদেশের কাছে গত জানুয়ারি মাসে চিঠি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্কাই মার্শাল নিয়োগের বিষয়ে আলোচনার জন্য এ সপ্তাহে ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) একটি প্রতিনিধিদলের ঢাকায় আসার কথা রয়েছে। স্কাই মার্শাল মোতায়েনসংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা করার প্রস্তুতির কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।