
আজাদ ভূইয়া সরকারি চাকরি করেন। থাকেন কলাবাগান সরকারি কোয়ার্টারে। ১০ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে এসেছিলেন ছেলের চিকিৎসা করাতে। সঙ্গে এনেছিলেন গণস্বাস্থ্য স্বাস্থ্য বীমা পুস্তিকাটি। হাসপাতালের বিমা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানালেন, বিমার মেয়াদ ২০১৫ সালে শেষ হয়েছে, বিমা নবায়ন করতে হবে। আজাদ ভূইয়া বিমা নবায়ন করলেন। বিমার আওতায় বিনা মূল্যে ছেলেকে চিকিৎসক দেখালেন।
আজাদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ২০০৭ সালে তিনি স্বাস্থ্য বিমা করেছিলেন। ‘কেন স্বাস্থ্য বিমা করেছিলেন’, প্রথম আলোর এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই হাসপাতালে চিকিৎসা ব্যয় এমনিতেই কম। আর বিমা থাকলে অনেক চিকিৎসা কম টাকায় পাওয়া যায়।’ বিমার আওতায় নয় বছর পরিবারের চার সদস্য কম মূল্যে, কিছু ক্ষেত্রে বিনা মূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন।
ঢাকা শহরের সব শ্রেণির মানুষের (অতি দরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত/ধনী) জন্যস্বাস্থ্য বিমা কর্মসূচি আছে বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্যকেন্দ্রের। কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের প্রায় দুই লাখ পরিবার ‘গণস্বাস্থ্য বীমা’র আওতায় আছে। এর মধ্যে প্রায় ৪০ হাজার ঢাকা শহরে।
বিমার প্রক্রিয়া ও সুবিধা সম্পর্কে জানতে চাইলে মো. নাসির উদ্দিন বলেন, শুরুতে একটি ফরম পূরণ করে নিবন্ধন করতে হয়। মধ্যবিত্তের নিবন্ধন ফি ১০০ টাকা (অতিদরিদ্রের ২০ ও উচ্চবিত্তের ১০০+ টাকা)। মধ্যবিত্ত ব্যক্তি ও পরিবারের বাৎসরিক প্রিমিয়াম যথাক্রমে ৭০০ ও ১৭০০ টাকা। ধূমপায়ীর ক্ষেত্রে ১০০ টাকা করে বেশি। অতিদরিদ্রের প্রিমিয়াম বছরে ৭০ টাকা, উচ্চবিত্তের ১২০০ টাকা।
বিমা থাকলে সব শ্রেণির মানুষ বিনা মূল্যে চিকিৎসক, ডেন্টিস্ট, ফিজিওথেরাপিস্টের পরামর্শ পাবে; দাঁত, চোখ, রক্তচাপ পরীক্ষা করাতে পারবে এবং টিকা দিতে পারবে। বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবে শুধু অতিদরিদ্র ও দরিদ্ররা। অন্যরা পাবে ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে। রক্ত ও প্রস্রাবের নানা পরীক্ষাও কম মূল্যে পাওয়া যায়। মধ্যবিত্ত ৪০০ টাকায় আলট্রাসনোগ্রাম ও তিন হাজার টাকায় এমআরআই/সিটি স্ক্যান করাতে পারবে। বিমা থাকলে মধ্যবিত্ত ২০০ টাকায় ইসিজি, এক হাজার টাকায় কালার ইকো ও ১২০০ টাকায় এন্ডোসকপি করাতে পারবে। সব ক্ষেত্রে দরিদ্রদের ফি কম ও উচ্চবিত্তের বেশি।
কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ ঘণ্টা হাসপাতাল খোলা থাকে। বিমা আছে এমন যেকোনো পরিবারের সদস্য হাসপাতাল পর্যন্ত পৌঁছালেই সেবা পাবেন, একটি টাকাও দরকার হবে না। তাদের ওষুধের কোনো খরচ নেই। অতিদরিদ্র ও দরিদ্রদের সিট ভাড়া দিতে হয় না। মধ্যবিত্ত ২০০ টাকায় শয্যা পাবে।
১৯৭৩ সালে গণস্বাস্থ্য সাভার এলাকায় প্রথম স্বাস্থ্যবিমা কর্মসূচি চালু করে। বর্তমানে ঢাকা মহানগর, সাভার, টঙ্গী, গলাচিপা, শ্রীপুর, কক্সবাজার, চরফ্যাশন ও মনোহরদীতে স্বাস্থ্যবিমা কর্মসূচি আছে। বর্তমানে প্রায় দুই লাখ পরিবারের প্রায় ১৫ লাখ মানুষ বিমার আওতায় কম মূল্যে চিকিৎসাসেবা পাচ্ছে।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘অভিজ্ঞতায় দেখেছি বিমার কারণে মানুষ দ্রুত চিকিৎসা নিতে আসে, কারণ তাকে পয়সার চিন্তা করতে হয় না। বিমার আওতায় থাকা পরিবারগুলোতে নবজাতক ও মাতৃমৃত্যু কম।’