বিরামহীন ব্যস্ততার প্রত্যাশায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

জর্জ ফ্লয়েডের মৃত্যুর খবরে সারা বিশ্ব উত্তাল। প্রতিবাদ আর বিক্ষোভে এই স্বাস্থ্য জরুরি অবস্থার মধ্যেও শান্তিপূর্ণ সমাবেশ করছে মানুষ। বহুদিন পর এমন একটি খবরের শিরোনাম দিয়ে সময় টিভির ৯টার খবর শুরু হলো। নইলে এখন খবর তো একটাই।

আজ ৮৫ দিন হলো গৃহবন্দীর। ছোট্ট তিন কামরার ঘরেই আমার প্রিয়জনদের সঙ্গে রোজকার গতানুগতিক জীবনযাপন। এ যেন হঠাৎ করেই নিত্যদিনকার ব্যস্ততায় দাঁড়ি টানা। অবসরও যে ক্লান্তিকর হতে পারে, তার একটি বিরল অভিজ্ঞতা নেওয়া। প্রতিদিন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই যে এখনো বেঁচে আছি। কৃতজ্ঞতা জানাই তাঁর প্রতি যে এখনো সুস্থ আছি।

৮৫ দিন আগেও আমার ছোট্ট জগতের বড় সময়জুড়ে ছিল আমার শিক্ষার্থীরা। কিন্তু এ কদিনেই আমি বুঝতে পেরেছি আমি শিক্ষকতা কতটা ভালোবাসি। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত, জীবনীশক্তিতে ভরপুর আমার কর্ম প্রাঙ্গণের অভাব প্রতিনিয়ত অনুভব করি আমি। কখনো কখনো ভাবতাম আমরা, কদিন ছুটি পেলে ভালো হতো। কিন্তু এমন বিরতিহীন অস্থিরতার ছুটি তো একেবারেই অপ্রত্যাশিত। এ যেন এক অনিশ্চিতের পথে নিশ্চিত যাত্রা।

এ ছুটি আমাদের অনেক কিছু শিখিয়েছে। কীভাবে প্রিয়জন অসুস্থ হলে তার থেকে দূরে থাকতে হয় এমন বাস্তবতা, আবার অনাত্মীয় হয়েও মৃত মানুষটির সৎকার করা যায়, এমন মানবতা। আপনজনকে অসুস্থ অবস্থায় ফেলে যাওয়ার বর্বরতার খবরও যেমন এই ছুটিতে নাড়া দিয়েছে আমাদের, তেমন নিজের সবটুকু দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মূল্যবোধও আমাদের আন্দোলিত করেছে। আজ ঐক্যবদ্ধ বাঙালিকে আমরা ভালো থাকার জন্য সামাজিক দূরত্ব শেখাতে গিয়ে গলদঘর্ম হচ্ছি। এ যেন অসচেতন নাগরিকদের সচেতন করার আপ্রাণ প্রচেষ্টা।

অর্থনৈতিকভাবে অসচ্ছল, বস্তি বা ছোট্ট ফ্ল্যাট বাড়িতে গাদাগাদি আর ঠাসাঠাসি করে থাকা মানুষের কাছেও আইসোলেশন ও হোম কোয়ারেন্টিন এখন আর কোনো অপরিচিত শব্দ নয়।

এখন রাত আটটার পর চারদিক যেন এক ভুতুড়ে নিস্তব্ধ পরিবেশ। শব্দদূষণময় আর যানযটযুক্ত চেনা শহর ঢাকা সম্পূর্ণ অপরিচিত মোড়কে আমাদের সামনে দেখা দেয়। আবার এই ছুটির কারণেই প্রাকৃতিক পরিবেশের কিছুটা বিশুদ্ধ হওয়া, জীববৈচিত্র্যের আনাগোনা। যেন সভ্যতাকে মনে করিয়ে দেওয়া পরিবেশের গুরুত্বের কথাকে। আবার এরই মধ্যে বেঁচে থাকাটাই যখন মূল চ্যালেঞ্জ, তখনো আমরা নিজের লাভ আর স্বার্থপূরণ নিয়ে ব্যস্ত! তাই ত্রাণ নিয়ে দুর্নীতি বা জিনিসপত্রের লাগামহীন দাম এ সময়েও সংবাদমাধ্যমের শিরোনাম হয়!!

একদিকে আমরা অতিরিক্তভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে গিয়েছি। এই ছুটিতে আমরা আপনজনদের সঙ্গে দূরে থেকেও কাছে থেকেছি সামাজিক যোগাযোগের বদৌলতেই। তাই এ বছর ঘরে বসে ফেসবুকে পয়লা বৈশাখ আর ঈদ উদযাপন আমাদের উৎসব পালনের ক্ষেত্রে নতুন মাত্রাই যোগ করেছে। শিক্ষক হওয়ার সুবাদে এবারের এসএসসির ফল শিক্ষার্থীরা অমাকে ফোনে আর সামাজিক যোগাযোগমাধ্যমেই জানিয়েছে। ইদানীং শিক্ষার্থীদের সঙ্গে আমার যোগাযোগ অনলাইন ক্লাসেই হয়। সত্যিকার অর্থে এ সময়ে অনেকের জীবনেই বোধ হয় সামাজিক যোগাযোগমাধ্যম আর অনলাইন কার্যক্রম গোটা জীবনযাপন পদ্ধতিকেই পাল্টে দিয়েছে। ওয়ার্ক অ্যাট হোম (Work At Home) এখন আমাদের নিত্যদিনের সঙ্গী।

এই মহামারির মধ্যেও আম্পান, নিসর্গসহ প্রতিদিন যুক্ত হয় আরও কত দুর্যোগের খবর। এটা সত্যি যে আমরা মানিয়ে নিচ্ছি; কিন্তু তবু আমাদের প্রার্থনা হঠাৎ যেন খবর আসে বিজ্ঞানের জয়যাত্রার। অবসান ঘটে সকল দীর্ঘশ্বাসের। আমরা আবার ভয়হীনভাবে স্বাভাবিক জীবনে ফিরে যাব। জীবন ও জীবিকার এই অনিশ্চিত দীর্ঘ সংগ্রামের যেন অবসান হয়। ছুটি যেন কোনো দিন কারও জীবনে লকডাউন না হয়ে আসে। আমি অধীর আগ্রহে প্রতি মুহূর্তে অপেক্ষা করি আবার স্বাভাবিক নিয়মের বিরামহীন ব্যস্ততার জন্য সেই প্রাণচাঞ্চল্যের ঢাকাকে, আমার প্রিয় স্বদেশকে দেখার জন্য....।

*শিক্ষক, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা। [email protected]