বিরিয়ানির আসল স্বাদ পুরান ঢাকায়

রাজধানীতে এখন যে খাবারগুলোর কদর সবচেয়ে বেশি, তার মধ্যে বিরিয়ানি একটি। উৎসব, অনুষ্ঠানে ভূরিভোজ মানেই এই মোগলাই খাবারটির উপস্থিতি। উপলক্ষ না থাকলেও বিরিয়ানির স্বাদ নিতে ব্যাকুল থাকেন অনেকে। গুলশান, বনানী, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠছে নতুন নতুন বিরিয়ানির দোকান। তবে এটির আসল স্বাদ পেতে হলে যেতে হবে পুরান ঢাকায়।
পুরান ঢাকা মানেই জিবে জল আনা সুস্বাদু সব খাবারদাবার। তবে স্বাদ, গন্ধ ও মানে সবচেয়ে এগিয়ে পুরান ঢাকার বিভিন্ন দোকানের কাচ্চি ও চিকেন বিরিয়ানি। সকাল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা থাকে এসব দোকান। পুরান ঢাকার অনেকেই সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার সারেন বিরিয়ানি দিয়ে। আর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিরিয়ানির স্বাদ নিতে আসা লোকজনের ভিড় জমে দুপুর ও রাতের খাবারের সময়। ছুটির দিনে সেই ভিড় আরও বাড়ে।
বিরিয়ানির সবচেয়ে নামকরা দোকানগুলোর সবগুলোরই আদি পীঠস্থান পুরান ঢাকা। এখানকার কাজী আলাউদ্দিন রোড, নাজিমুদ্দিন রোড, উর্দু রোড, বংশাল, সিদ্দিকবাজার, চকবাজার, রায়সাহেব বাজার, নবাবপুর, কোতোয়ালি, ইসলামপুর, ওয়ারী, মালিটোলা ও মৌলভীবাজার এলাকায় বিরিয়ানির দোকানগুলো গড়ে উঠেছে।
ভালো মান ও স্বাদের জন্য কাজী আলাউদ্দিন রোডের হাজির বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, মৌলভীবাজার রোডের নান্না মিয়ার বিরিয়ানি, উর্দু রোডের রয়েল বিরিয়ানি, কোতোয়ালির কাশ্মীর বিরিয়ানি হাউস, বিক্রমপুর কাচ্চি বিরিয়ানি, সুরিটোলার রহিম বিরিয়ানি, নাজিমুদ্দিন রোডের মামুন বিরিয়ানি ঢাকায় বিখ্যাত। এ ছাড়া জনসন রোডের স্টার হোটেল, কালামস কিচেন, ক্যাফে ইউসুফ, ইসলামিয়া রেস্তোরাঁ, আল-ইসলাম রেস্টুরেন্ট, ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মতিঝিল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাবুর্চিখানা ও নর্থ সাউথ রোডের হোটেল আল-রাজ্জাকেরও কদর কম নয়।
এসব দোকান ও হোটেলে ‘হাফ প্লেট’ পরিমাণ কাচ্চি ও চিকেন বিরিয়ানি ১১০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়। ‘ফুল প্লেট’ পরিমাণের দাম ১৬০ থেকে ৩৮০ টাকা পর্যন্ত। কাচ্চি বিরিয়ানির পাশাপাশি মোরগ-পোলাও, খাসির রেজালা ও টিকিয়াও মিলবে। এ ছাড়া ডেজার্ট হিসেবে ফিরনি ও বোরহানিও পাওয়া যায়।
নর্থ সাউথ রোডের হোটেল আল-রাজ্জাকের ব্যবস্থাপক রানা হোসেন প্রথম আলোকে বলেন, পুরান ঢাকায় কাচ্চি বিরিয়ানির অনেক চাহিদা। সকালে রান্না করলে দুপুরের মধ্যেই বিক্রি শেষ। বর্তমানে হোটেল আল-রাজ্জাকে হাফ প্লেট কাচ্চি বিরিয়ানি ১৭০ টাকা ও ফুল প্লেট ৩৪০ টাকা দামে বিক্রি হয়৷
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সড়কে সুস্বাদু বিরিয়ানির গন্ধ। দোকানগুলোতে ভোজনরসিকদের ভিড়। কেউ কেউ প্যাকেটে করে বাসা ও অফিসে বিরিয়ানি নিয়ে যাচ্ছেন। ব্যতিব্যস্ত হোটেল কর্মীরা। তবে অধিকাংশ বিরিয়ানির দোকানের আয়তন খুবই ছোট।
বেচারাম দেউড়িতে নান্না মিয়ার বিরিয়ানি খেয়ে বন্ধুদের নিয়ে বের হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র নাহিয়ান। তিনি বলেন, ‘নান্নার বিরিয়ানির স্বাদের কথা অনেক শুনেছি। আজ খেয়ে সত্যিই মুগ্ধ হলাম। সব বন্ধুই বিরিয়ানি খেয়ে খুশি।’
পুরান ঢাকার বিভিন্ন বিরিয়ানি দোকানের মালিকেরা জানিয়েছেন, ১৯৩৯ সালের দিকে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে বিরিয়ানির দোকান দেন হাজি মোহাম্মদ হোসেন। তারপর তাঁর ছেলে হাজি গোলাম হোসেন বাবার ব্যবসার হাল ধরেন। ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে হাজির বিরিয়ানির নামডাক। সেই হাজির বিরিয়ানি এখন পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সাফল্যের সঙ্গে ব্যবসা করছে।
ইসলামপুরের বাবুর্চিখানার দোকানকর্মী ফরহাদ রানা বলেন, দোকানে দিনভর ক্রেতাদের ভিড় লেগে থাকে। এই ক্রেতাদের অধিকাংশই পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা। তাঁরাই বিরিয়ানির ঐতিহ্য ধরে রেখেছেন। ইসলামপুর এলাকায় ভাতের হোটেলের তুলনায় বিরিয়ানির দোকান দ্বিগুণ।