বিরোধী দলকে সংসদে এসে গঠনমূলক সমালোচনার আহ্বান বিতার্কিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে বিরোধী দল যদি না-ই যায় তাহলে কেন সংসদীয় ব্যবস্থা? বরং এর চেয়ে একনায়কতন্ত্র অনেক বেশি শ্রেয়। কেননা বিরোধী দলের প্রত্যাশায় অনেক সময় সংসদে জনগুরুত্বপূর্ণ অনেক বিষয়েরই কোনো প্রকার সমাধান হয় না। এ কারণে ভোগান্তিটা হয় জনগণের, রাজনৈতিক নেতাদের নয়। গতকাল মঙ্গলবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘স্যান্ডালিনা প্রথম আলো ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা’য় সরকারি দলের বিতার্কিকেরা এভাবেই তাদের অবস্থান তুলে ধরে। অন্যদিকে বিরোধী দলের বিতার্কিকেরা যুক্তি তুলে ধরে যে বিরোধী দল থাকলে সরকারি দল যেকোনো প্রকার জনগুরত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে একটুখানি হলেও ভাববে। সরকারি দল একচ্ছত্রভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর যদি একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাহলে ক্ষমতাসীনেরা যেকোনোভাবে তাদের সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দেবে।সরকারি দলের বিতার্কিকেরা তাদের যুক্তি দিয়ে বলে, দেশে বর্তমানে সংসদীয় ব্যবস্থায় যে দলই ক্ষমতার বাইরে থাকে, তারা সংসদে যোগ দেয় না। সংসদের বাইরে সরকারের ভালোমন্দ উভয় কাজের কুত্সা রটানোই তাদের মূল কাজ হয়ে ওঠে। ফলে মূল সংসদীয়ব্যবস্থা হয়ে ওঠে অকার্যকর। অন্যদিকে এ বক্তব্যের বিরোধিতা করে বিরোধী দল যুক্তি দেখায়, একনায়কতন্ত্র মানেই স্বৈরতন্ত্র। যেখানে মতামতের কোনো স্বাধীনতা থাকে না। পঞ্চম শিশু, ১৫তম স্কুল, পঞ্চম কলেজ এবং ১৩তম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় গতকাল অনুষ্ঠিত হলো স্কুল বিতর্কের তৃতীয় পর্ব, স্কুলের বারোয়ারি এবং ক্লাব কোয়ার্টার ফাইনাল। স্কুলের তৃতীয় পর্বে বিতর্কের অন্য বিষয়গুলো ছিল, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব’, ‘দলীয় রাজনীতিতে পরিবারতন্ত্র দুর্নীতিকে উত্সাহিত করছে’, ‘বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশে ১/১১-এর সৃষ্টি করা হয়েছে’। স্কুল বারোয়ারি বিতর্কের বিষয় ছিল, ‘বন্যেরা বনে সুন্দর, আমরা...’। ক্লাব বিতর্কের কোয়ার্টার ফাইনালের বিষয় ছিল, ‘যত বেশি আইন তত কম ন্যায়’। এই বিতর্কে প্রতিযোগিতা করে গ্রুপ অব ডিবেটরস—আবীর ও স্ট্যামফোর্ড ডিবেট ফোরাম—দুরন্ত। স্কুলের তৃতীয় পর্বে গতকালের বিজয়ী দলগুলো হচ্ছে, মতিঝিল সরকারি বালক বিদ্যালয়—প্রকর্ষ, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ডিবেটিং ক্লাব—১, ভিকারুননিসা ডিবেটিং ক্লাব—প্রতীতি, গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাব—হোবার্ট ও জেরাল্ড, আইডিয়াল ডিবেটিং ক্লাব—১ ও ২। আজ অনুষ্ঠিত হবে স্কুল বিতর্কের কোয়ার্টার ফাইনাল ও কলেজ বিতর্কের কোয়ার্টার ফাইনাল।বিতর্ক প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে এবিসি রেডিও।