বিল যাচ্ছে ঠিকাদারের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন ঠিকাদারদের কাজের পাওনা বিল তাঁদের ঠিকানায় পৌঁছে দিচ্ছে। কাজ ও সেবার বিপরীতে দ্রুত পাওনা পরিশোধ এবং বিলের জন্য ঠিকাদারদের হয়রানি কমাতেই এই উদ্যোগ। একই সঙ্গে ঠিকাদারদের নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়ে না আসতেও অনুরোধ করা হয়েছে।
এদিকে চেক সরবরাহ ও দ্রুত নগদায়নের লক্ষ্যে ডিএনসিসির পক্ষ থেকে ঠিকাদার ও সরবরাহকারীদের নির্দিষ্ট ব্যাংকে হিসাব খোলার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঠিকাদারেরা এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ইতিমধ্যে প্রায় ২০ জন ঠিকাদারকে তাঁদের কাজের বিপরীতে পাওনা বিলের চেক তাঁদের ঠিকানায় পাঠানো হয়েছে। চেকের সঙ্গে একটি প্রাপ্তি স্বীকারের চিঠি পাঠানো হচ্ছে। সেই চিঠিতে ঠিকাদারেরা স্বাক্ষর করে ফেরত পাঠালে তা ডিএনসিসি সংরক্ষণ করছে।
এ বিষয়ে মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, ঠিকাদারেরা যাতে করপোরেশনে ভিড় না করেন, তাই ডিএনসিসির লোকজন কাজের বিল ঠিকাদারদের কার্যালয়ে পৌঁছে দিচ্ছেন। মানসম্মত কাজ করলে ঠিকাদারদের বিল পাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পারস্পরিক সুবিধার কথা চিন্তা করেই বিল ঠিকাদারদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।
ডিএনসিসির কাছে থাকা দুটি প্রাপ্তি স্বীকারের চিঠিতে দেখা যায়, গত সপ্তাহে শ্যামলী শিশুপার্কে বৃষ্টির পানি সংরক্ষণসহ বৃক্ষরোপণ কাজের জন্য মেসার্স মাইশা ট্রেডিং এবং খোলা ট্রাকের খুচরা যন্ত্রাংশের মালামাল সরবরাহের জন্য রাইন ইন্টারন্যাশনালের ঠিকানায় বিলের চেক পৌঁছে দেওয়া হয়েছে।
মাইশা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. পারভেজ বলেন, ‘এটি ভালো উদ্যোগ। ঠিকাদারেরা ঠিকমতো কাজ করলে সময়মতো বিল পাবেন। আগে বিলের জন্য ঘুরতে হতো। বিলের জন্য করপোরেশনের লোকজনকে টাকাপয়সাও দিতে হতো।’
ডিএনসিসির সব ব্যাংক হিসাব সোনালী ব্যাংক লিমিটেডের গুলশান নিউ নর্থ সার্কেল শাখা এবং জনতা ব্যাংক লিমিটেডের গুলশান ২ করপোরেট শাখায়। দ্রুত চেক নগদায়নের সুবিধার্থে ডিএনসিসির পক্ষ থেকে শতাধিক ঠিকাদারকে এই দুটি ব্যাংকে হিসাব খোলার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
ডিএনসিসির নিবন্ধিত ঠিকাদারি প্রতিষ্ঠান জনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দিলীপ কুমার ঘোষ বলেন, ‘আগে চেকের জন্য বসে থাকতাম। হিসাবরক্ষণ কর্মকর্তা কখন চেক স্বাক্ষর করবেন, সে অপেক্ষায় থাকতে হতো। এখন কেউ চাইলে ব্যাংক হিসাব খুলে টাকা নিতে পারবে, না হলে বাসায় পৌঁছে দেওয়া হবে। এটা আগে ভাবাও যেত না।’
এ বিষয়ে ডিএনসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঠিকাদারদের নগর ভবনে আসতে মানা করা হয়েছে। ডিএনসিসির ব্যাংক হিসাব আর ঠিকাদারদের ব্যাংক হিসাব একই ব্যাংকে থাকলে চেক নগদায়নে সুবিধা হবে বিবেচনা করেই তাঁদেরকে হিসাব খোলার অনুরোধ জানানো হয়েছে।