বিলাসবহুল গাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও এলাকা থেকে গতকাল মঙ্গলবার আরও একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। গাড়িটি একটি ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিএমডব্লিউ এক্স ৫ মডেলের কালো রঙের এই গাড়িটির মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গাড়িটি তেজগাঁও এলাকায় ৩৪৫ নম্বরের মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওয়ার্কশপের কর্মচারীদের কাছ থেকে জানা গেছে, তাজুল নামের এক ড্রাইভার প্রায় এক মাস আগে মেরামতের জন্য ওই ওয়ার্কশপে রেখে যান। কিন্তু এরপর কেউ এটি নিতে আসেননি। ২০০৭ সালের এক্স ৫ মডেলের এই গাড়ির ‘ঢাকা মেট্রো-শ-০০-০৫০১’ উল্লেখ করা নম্বরপ্লেট যুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০১১ অথবা ২০১২ সালের দিকে শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি আমদানি করা হয়েছিল। চার বছর ধরে রেজিস্ট্রেশন ছাড়াই গাড়িটি চলাচল করছিল। জার্মানির তৈরি গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা প্রায় ৩০০০ সিসি। এই হিসাবে গাড়ির মোট শুল্ক ৬০১ ভাগ।
মইনুল খান আরও বলেন, মেরামতের নাম করে গাড়িটি ওয়ার্কশপে ফেলে রাখা হয়। গাড়িটি ওয়ার্কশপের জিম্মায় দেওয়া হয়েছে। গাড়ির প্রকৃত মালিককে খুঁজে বের করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।