বিলুপ্তির পথে ঢাকার শঙ্খশিল্প
জগদ্বিখ্যাত ঢাকার মসলিন অনেক আগেই বিলুপ্ত। একই পরিণতির দিকে এগোচ্ছে ঢাকার ইতিহাস-ঐতিহ্যের অংশ হয়ে ওঠা ৩০০ বছরেরও বেশি পুরোনো ‘শঙ্খশিল্প’। কিছুদিন আগেও সারা দিন শঙ্খধ্বনিতে মুখর হয়ে থাকা শাঁখারীবাজারে এখন আর শঙ্খধ্বনি শোনাই যায় না।গত শুক্রবার শাঁখারীবাজারে গিয়ে শঙ্খবণিকদের করুণ দশাই চোখে পড়েছে। তাঁরা জানান, এখন শঙ্খ কাটার কারিগর আছেন মাত্র আটজন এবং শঙ্খের ওপর নকশা করার শিল্পী মাত্র ২০ জন। সব মিলিয়ে শঙ্খ ও শাঁখা বিক্রির দোকান আছে মাত্র ৩০টি। শাঁখারীবাজার শঙ্খশিল্প কারিগর সমিতির দপ্তর সম্পাদক নকুলেশ্বর নাগ প্রথম আলোকে জানান, ১০ বছর আগেও শাঁখারীবাজারে ১০০টি শাঁখার দোকান ছিল। শঙ্খ কাটার কারিগর ও নকশাশিল্পী ছিলেন অর্ধশতাধিক। এখন সব মিলিয়ে এই শিল্পে জড়িত আছেন মাত্র ৩০ জন। ইতিহাসবিদ মুনতাসীর মামুন তাঁর ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইতে শঙ্খশিল্পকে ঢাকার ঐতিহ্যের বাহক ও প্রসিদ্ধ শিল্প হিসেবে উল্লেখ করেছেন। সুবেদার শায়েস্তা খাঁর আমলে ট্যাভারনিয়ার ঢাকায় আসেন, তিনি শাঁখারীবাজারে দুই হাজার শঙ্খশিল্পীর কথা উল্লেখ করেন। বিলুপ্তির কারণ: শঙ্খবণিক ও বিশেষজ্ঞরা প্রথম আলোকে শঙ্খশিল্পের এই রুগ্ণ দশা ও বিলুপ্তির প্রধান তিনটি কারণ উল্লেখ করেছেন। এগুলো হলো—প্রতিবেশী দেশ ভারত থেকে চোরাইপথে নিম্নমানের তৈরি শাঁখার অবাধ প্রবেশ, শঙ্খ আমদানিতে উচ্চ শুল্ক, সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতার অভাব। শঙ্খবণিক সুমন নাগ জানান, শঙ্খ সাধারণত সংখ্যার হিসাবে আমদানি করা হয়। এক হাজার শঙ্খ কিনলে ৩৫ শতাংশ শুল্ক দিতে হয়। এই উচ্চ শুল্কের ফলে একটি শঙ্খের দাম পড়ে ৯০০ থেকে এক হাজার টাকা। এ রকম একটি শঙ্খ কেটে চার-পাঁচটির বেশি শাঁখা তৈরি করা যায় না। এতে এক জোড়া শাঁখার উত্পাদনমূল্য কমপক্ষে ১০০ থেকে ২০০ টাকা পড়ে। দেখা গেছে, শঙ্খবণিকেরা এ রকম এক জোড়া দেশি কারুকাজের শাঁখার দাম রাখছেন ৪০০ থেকে ৫০০ টাকা। অথচ এক জোড়া ভারতীয় শাঁখা আড়াই শ থেকে ৩০০ টাকায় পাওয়া যায়।শঙ্খ ঘরসজ্জা ও অলংকার হিসেবেই সবচেয়ে বেশি ব্যবহূত হয়। শঙ্খবণিক অনুপম সেন বললেন, পদ্মডুগী, সাত দানা (সাত গাছা চুড়ি), পাঁচ দানা ও তিন দানার চুড়ি এবং সাদা বালা ও আউলাবেশী বালা এখন সবচেয়ে বেশি চলে। তবে সামর্থ্যবানেরা শাঁখার ওপর এখন স্বর্ণের কারুকাজ করে হাতের বালা হিসেবেও পরেন। শঙ্খবণিকেরা জানান, ভারতীয় শাঁখার অবাধ প্রবেশে নিম্নমানের জোড়া দেওয়া শাঁখা কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছেন, আর দেশি উন্নতমানের কারুকাজ করা শাঁখার কদর কমে যাচ্ছে। যদিও শঙ্খ কাটায় তেমন খরচ নেই। তবে এক জোড়া শাঁখায় নকশা করার মজুরি প্রায় ২০০ টাকা। বণিকেরা বলেন, এখানে শিল্পীর মজুরি কমানো সম্ভব নয়। তাই শাঁখারী, নকশাকার ও শঙ্খ কেনার খরচ মিলিয়ে এক জোড়া শাঁখার যে উত্পাদন খরচ পড়ে, তাতে দেশীয় শাঁখার দাম ভারতীয় শাঁখার চেয়ে বেশি হয়। ফলে দেশীয় শাঁখা প্রতিযোগিতায় টিকতে পারছে না। এতেই শঙ্খশিল্প বিপন্ন হয়ে উঠেছে। শঙ্খশিল্পের অতীত গৌরব: বল্লাল সেনের সময় এই শিল্পের প্রসার শুরু হয় বিক্রমপুরে। ঢাকায় মোগলেরা লাখেরাজ সম্পত্তির প্রলোভন দেখিয়ে শাঁখারীদের বিক্রমপুর থেকে ঢাকায় নিয়ে আসেন। সেই জায়গা আজকের ঐতিহ্যবাহী পুরান ঢাকার শাঁখারীবাজার। শঙ্খবণিকেরা বলেন, শঙ্খের আমদানি শুল্ক কমালে পণ্যটি কম দামে বিক্রি করা যাবে। এতে দেশীয় শিল্পটি বাঁচবে এবং সমৃদ্ধিও ফিরে পাবে।