বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের আহ্বান জানিয়েছেন গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। তিনি বলেছেন, বিল্ডিং কোড না মানায় বিভিন্ন সময় ভবন ধসের ঘটনা ঘটছে। নিয়ম না মেনে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের (বিআইপি) শোভাযাত্রার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, রাজধানীর কাঁঠাল বাগানে ভবন হেলে পড়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্তকমিটি করা হয়েছে।দেশের নগর পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী সংগঠন বিআইপি প্রতিবছরের মতো এবারও বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা, গোলটেবিল বৈঠক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। জার্মান সরকারের বৈদেশিক উন্নয়ন সংস্থা জিটিজেড-বাংলাদেশ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) দিবসটি পালনে বিআইপিকে সহযোগিতা করে।গতকাল সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, বিআইপির সভাপতি সারওয়ার জাহান ও সাধারণ সম্পাদক এ কে এম আবুল কালাম।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিল্ডিং কোড অমান্যকারী ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে একটি মহল সরকারের সমালোচনা করে। আবার এ কাজে ধীর গতি হলে সরকার ব্যবস্থা নিচ্ছে না বলেও সমালোচনা হয়। নিয়ম মেনে চলার জন্য জনসচেতনতা বাড়াতে হবে।দুপুর ১২টার দিকে বিআইপি মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে অংশ নেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, নগর পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নে পরিবেশ সৃষ্টি করতে হবে। বক্তারা বলেন, ক্রমবর্ধমান নগর জনসংখ্যার সঙ্গে নগর দারিদ্র্য বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলামের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে যৌথভাবে প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সভাপতি সারওয়ার জাহান ও সাধারণ সম্পাদক আবুল কালাম, জিটিজেডের পরিচালক আলেকজান্ডার ইয়াখনো ও ইউএনডিপির প্রতিনিধি রিচার্ড এলান গেইয়ার। সন্ধ্যায় বিআইপি মিলনায়তনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।