বিশুদ্ধ পানি সরবরাহে ব্যবস্থা নিতে সরকারের প্রতি রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ওয়াসার পানিতে ক্যান্সারের উপাদান টিএইচএম (ট্রাই-হেলোমেথেন) রয়েছে কি না, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পরীক্ষা করে সেই প্রতিবেদন আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া আদালত বিশুদ্ধ পানি সরবরাহে ব্যবস্থা নিতে সরকারের প্রতি রুল জারি করেছেন। বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গতকাল সোমবার এ নির্দেশ দেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।রাজধানীর আটটি এলাকা থেকে ওয়াসার সরবরাহ করা পানি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান (বিসিএসআইআর) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) থেকে পরীক্ষা করে এ সংক্রান্ত প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে আদালত দাখিল করতে বলা হয়েছে। আটটি এলাকার মধ্যে ধানমন্ডি, লালবাগ, ইস্কাটন রোড, মোহাম্মদপুর, এলিফেন্ট রোড, গুলশান-বানানী, যাত্রাবাড়ী ও মগবাজার রয়েছে। গত ১৪ এপ্রিল এইচআরপিবির পক্ষে সুপ্রিম কোর্টের চার আইনজীবী বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন। গতকাল আদালত সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুলও জারি করেছেন। এতে বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে ক্লোরিনের পরিবর্তে পার-ম্যাঙ্গানেট ব্যবহারের নির্দেশ কেন দেওয়া হবে না সে বিষয়েও জানাতে বলা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, বিএসটিআই ও বিসিএসআইআর চেয়ারম্যান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সম্প্রতি রাজধানীতে ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধের অভিযোগ ওঠে। তবে ওয়াসা দাবি করে, পানিতে ক্ষতিকর কোনো উপাদান নেই। এ প্রেক্ষাপটে এইচআরপিবি সংগঠনটি ৩ মার্চ বিশুদ্ধ পানি সরবরাহে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা লিখিতভাবে জানতে স্থানীয় সরকার ও সমবায় সচিব, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান (বিসিএসআইআর) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) চেয়ারম্যানের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু জবাব না পাওয়া হাইকোর্টে রিট দায়ের করা হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম মামলা পরিচালনা করেন।